রাজধানীর মহাখালী ও জুরাইনে গতকাল রোববার দুপুরে পৃথক ঘটনায় ব্যস্ত রাস্তায় গুলি করে ২১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।ছিনতাইকারীদের গুলি ও চাপাতির আঘাতে দুটি ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর সোয়া ১২টার দিকে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা আবু হানিফ (৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।আহত আবু হানিফ প্রথম আলোকে বলেন, তিনি মহাখালীর প্যারাগন গ্রুপের হিসাবরক্ষক। গতকাল দুপুরে তিনি প্রতিষ্ঠানের ১০ লাখ সাত হাজার টাকা কাছাকাছি একটি বেসরকারি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। টাকাগুলো ছিল একটি কালো ব্যাগের মধ্যে। ব্যাগটি তাঁর হাতেই ছিল। ব্যাংকটির কাছাকাছি যাওয়ামাত্র এক যুবক তাঁর ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি দুই হাত দিয়ে ব্যাগটি আঁকড়ে ধরে রাখলে ওই যুবক একটি চাপাতির উল্টো দিক দিয়ে তাঁর ডান কনুইয়ে আঘাত করে। ব্যথা পেয়ে তিনি ব্যাগটি ছেড়ে দিয়ে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ও দায়িত্বরত একজন পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তখন আরও চার যুবক পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে দুটি মোটরসাইকেলে উঠে বনানীর দিকে চলে যায়। এরপর তিনি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর গুলশান থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।আবু হানিফ বলেন, পুলিশসহ আশপাশে অনেক লোক থাকলেও ফাঁকা গুলির কারণে কেউ ভয়ে এগিয়ে যায়নি।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের কাছে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ অনেক দূরে ছিল।’এদিকে, মহাখালীতে ছিনতাইয়ের দুই ঘণ্টা পর দুপুর সোয়া দুইটার দিকে জুরাইনে গুলি করে ১১ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। দুটি ব্যাগে করে ৩৬ লাখ টাকা ব্যাংক এশিয়া থেকে পাশের কৃষি ব্যাংকে জমা দিতে নিয়ে যাচ্ছিলেন একজন।জুরাইন ব্যাংক এশিয়া থেকে জানানো হয়, দুটি ব্যাগে ৩৬ লাখ টাকা তুলে পাশের কৃষি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তাঁদের একজন গ্রাহক। ব্যাংক এশিয়া থেকে বের হওয়ার পর ৪০-৫০ গজ দূরে যাওয়ামাত্রই দুটি মোটরসাইকেলে চার যুবক গুলি করে একটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১১ লাখ টাকা ছিল। সেই ব্যক্তির বুকে গুলিটি আঁচড় কেটে যায়।পুলিশ জানায়, টাকার সঙ্গে ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ অন্তত পাঁচজন লোক ছিল এবং তাদের কাছে অস্ত্রও ছিল। গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীরা কেউ একটি গুলিও করেনি।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন, দুটি মোটরসাইকেলে এসে যুবকেরা ফাঁকা গুলি করে একটি ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দিতে আসেনি।