রাজধানীতে প্রথম সমবায় হলিডে হাটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের সুবিধার্থে রাজধানীতে ‘সমবায় হলিডে হাট’ চালু হয়েছে। এখানে সারা দেশের সমবায়ীদের উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রি হবে। সমবায় অধিদপ্তরসংলগ্ন আগারগাঁও মাঠে এই হাট গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নিজে কেনাকাটা করে হাটের উদ্বোধন করেন।গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে হাট বসবে। হাটে অন্যান্য বাজারের তুলনায় শতকরা ২০ থেকে ৫০ ভাগ কমে সমবায়ীদের উৎপাদিত পণ্য চাল, ডাল, তেল, আটা, দুধ ও দুগ্ধসামগ্রী, ফরমালিনমুক্ত টাটকা শাকসবজি, মাছ, মাংস, ডিম আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হবে।উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, উৎপাদক ও ভোক্তার স্বার্থরক্ষা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সমবায় হাট চালু করা হয়েছে। রাজধানীতে চারটি সমবায় বাজার চালু আছে, শিগগিরই আরও ৯১টি চালু হবে।অনুষ্ঠানে সমবায় নিবন্ধক মুশফেকা ইকাফাৎ, মিল্ক ভিটার চেয়ারম্যান হাবিস খান তরুণ, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো. মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।