রাজধানীতে প্রেমিকের বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর উত্তর মুরাদপুর এলাকা থেকে সাদিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উত্তর মুরাদপুরের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সাদিয়া স্বামী এবং দুই সন্তান রেখে পিরোজপুরের নেসারাবাদ থেকে ঢাকায় প্রেমিক মেহেদীর কাছে চলে আসেন। মেহেদীর বাসা থেকেই সাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সাদিয়ার প্রেমিক মেহেদী হাসানকে (৩০) আটক করা হয়েছে বলে প্রথম আলোকে জানান কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে । মেহেদী পেশায় পিকআপচালক।

পুলিশ জানায়, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা একই গ্রামের নজরুল ইসলামের সঙ্গে ১২ বছর আগে ইতির বিয়ে হয়। নজরুল–সাদিয়ার দুটি ছেলে সন্তান রয়েছে। তিন মাস আগে স্বামী–সন্তান রেখে ঢাকায় চলে আসে সাদিয়া। এরপর তিনি স্বামী নজরুলকে তালাকের নোটিশ পাঠান।

গত ১০ জানুয়ারি থেকে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন মেহেদী ও সাদিয়া। রোববার দুপুরে মেহেদী নিকটস্থ থানায় গিয়ে বলেন, সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সাদিয়ার বাবা শরীফুল ইসলাম জানান, আমরা সাদিয়াকে বুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি। তবে কাজ হয়নি। মেহেদী আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

এদিকে রাজধানীর ধানমন্ডি থেকে এক টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মহসিন রেজা (৩৫)। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মনসুর আহমেদ বলেন, রোববার দুপুরে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি মিরপুরের পীরেরবাগ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।