রাজধানীতে ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ও ভাষানটেক এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, গতকাল বুধবার রাতে ফুটপাতে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (২৯), মো. হেলাল (৩৩), সোহেল রানা (২৮) ও মো. শাহীন। আজ বৃহস্পতিবার র‍্যাব-৪ এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, ফুটপাতের দোকান থেকে ছয়–সাতজনের একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। তারা প্রতি দোকান থেকে ২০০–৩০০ টাকা চাঁদা নিত।

টাকা না দিলে ভয়ভীতি দেখানোসহ মেরে ফেলার হুমকি দিতেন এ চক্রের সদস্যরা।
র‍্যাব–৪–এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মিরপুর ও ভাষানটেক থানায় মামলা করা হয়েছে।