রাজধানীতে বর্জ্য অপসারণের কাজ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ অব্যাহত রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ইতিমধ্যে শতভাগ এবং দক্ষিণ সিটি করপোরেশন ৫০ ভাগের বেশি বর্জ্য অপসারণ করেছে বলে দাবি করেছে।

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বলেন, ডিএনসিসির সব স্থানে বর্জ্য অপসারণের কাজ সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন বলেন, এখন পর্যন্ত ডিএসসিসির আওতাধীন এলাকায় অর্ধেকের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। আগামীকাল রোববারের মধ্যে বাকি বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। তিনি বলেন, ‘ঈদের আগে বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। বৃষ্টির কারণে পশুর হাটগুলোতে কাদা জমে গেছে। এই কাদা পরিষ্কার করতে আমাদের সমস্যা হচ্ছে এবং বেশি সময় লাগছে।’

এর আগে শুক্রবার ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ধোলাইখাল সাদেক হোসেন খোকা খেলার মাঠে এবং ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন গরুর হাটে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।