রাজধানীতে বার্ড ফ্লু আক্রান্ত দুই শিশু শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক সপ্তাহে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) দুটি শিশুর দেহে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (ইনফ্লুয়েঞ্জা এইচ৫এন১) শনাক্ত করেছে। দুটি শিশুই রাজধানীর কমলাপুর এলাকায় তাদের মা-বাবার সঙ্গে বসবাস করে।আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দুটি শিশুই ভালো আছে। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হয়নি।সূত্র জানায়, গত ১৪ মার্চ আইইডিসিআর ১৩ মাস বয়সী একটি মেয়েশিশুকে শনাক্ত করে। এর এক দিন পর ৩১ মাস বয়সী আরেকটি ছেলেশিশুকে শনাক্ত করে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত একটি ইনফ্লুয়েঞ্জা নজরদারি কেন্দ্রে সেবা নিতে আসা জ্বরের রোগীর লালা ও নাসিকা রসের নমুনা পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিষয়ে নিশ্চিত হয়।বাংলাদেশে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষ প্রথম শনাক্ত করে আইইডিসিআর। ১৬ মাস বয়সী ওই শিশুটিও কমলাপুর এলাকায় বসবাস করত।