রাজধানীতে বাস উল্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর বনানীতে বাস উল্টে সেটির নিচে চাপা পড়ে রঞ্জু শেখ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পেশায় তিনি নিরাপত্তাকর্মী ছিলেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া প্রথম আলোকে বলেন, বনানী কবরস্থানসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু শেখ পথচারী ছিলেন বলেই ধারণা করা হচ্ছে। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। প্রাথমিকভাবে তাঁর বিষয়ে আর কিছু জানা যায়নি। তাঁর পরিবারের সদস্যরা এলে আরও বিস্তারিত জানা যাবে।
ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি জানিয়ে ওসি নূরে আজম মিয়া বলেন, ঘটনার পর চালক ও তাঁর সহযোগী পালিয়েছেন। বাসের কোনো যাত্রীকেও পাওয়া যায়নি। ইমাম পরিবহনের ওই বাস জব্দ করা হয়েছে।
বনানী থানার ওসি জানান, রঞ্জু শেখের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার জন্য দায়ী বাসের চালক ও সহকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।