রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল পারটেক্স কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর বিজয় সরণিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় বশির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বশির উদ্দিন পারটেক্স গ্রুপের মণিপুরিপাড়া শাখার জ্যেষ্ঠ হিসাবরক্ষক ছিলেন।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সামনে রাস্তা পার হওয়ার সময় বিকাশ পরিবহনের একটি বাস বশির উদ্দিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলিমুন রাজি জানান, বিকাশ পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত বশির উদ্দিনের চাচা আবু জাফর প্রথম আলোকে বলেন, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় তাঁর ভাতিজা মারা গেছেন। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার পাথরায়।