রাজধানীর অনেক এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ধানমন্ডি, নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোপখানা রোড, পুরানা পল্টন, নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, কারওয়ান বাজার, রাজাবাজার, ফার্মগেট, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়াসহ রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিকেল থেকে বিদ্যুৎ ছিল না। এতে দুর্ভোগে পড়ে এসব এলাকার মানুষ। রামপুরাসংলগ্ন উলন থেকে ধানমন্ডি পর্যন্ত বিস্তৃত গ্রিডে সমস্যা হওয়ায় এ বিপর্যয় ঘটে। ধানমন্ডি, কাঁটাবন ও কাকরাইল—এই তিনটি বিতরণ উপকেন্দ্র সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গতকাল রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানির পাশাপাশি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী ও কর্মচারীরা গ্রিড মেরামতের কাজ করছিলেন। কিন্তু মূল সমস্যা তখন পর্যন্ত সেরে তোলা সম্ভব হয়নি। বিশেষ প্রতিনিধি