রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর পূর্ব দোলাইরপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহত মিজি আক্তারের স্বামী মো. ফারুক দেওয়ান। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামে গেছেন।

নিহত মিজি আক্তারের ভগ্নিপতি মো. খোরশেদ আলম বলেন, দোলাইরপাড়ের ১ নম্বর গলি এলাকায় একটি টিনশেডের বাড়িতে ফারুক ও মিজি ভাড়া থাকতেন । আজ দুপুরে বাসার সামনে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে গিয়ে মিজি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহত মিজির লাশ জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।