রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু
রাজধানীর বাড্ডা ও শনির আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
বাড্ডায় মারা যাওয়া ব্যক্তির নাম কবির খাঁ (৪০)। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। আর শনির আখড়ায় মারা যাওয়া ব্যক্তির নাম মাইনুদ্দিন (৩৫)। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
স্বজন ও পুলিশ জানায়, বাড্ডার আদর্শনগর এলাকায় রডমিস্ত্রি কবির নির্মাণাধীন একটি দ্বিতল ভবনে কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে রড। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি দ্বিতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাইনুদ্দিনের মৃত্যু সম্পর্কে তাঁর মামা আবদুল গনি জানান, তিনি (মাইনুদ্দিন) শনির আখড়ার গ্যাস রোড মোড় এলাকায় একটি ওয়ার্কশপে বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।