রাজধানীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরের আটটি বিভাগে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ। ১৫ রমজানের পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, রমজান মাস ও ঈদ উপলক্ষে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা বিভাগের বিপণিবিতান ও মার্কেটকেন্দ্রিক বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের ১৬টি দল সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। এ ছাড়া দুটি দল বাজার তদারকি করবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমনা বিভাগে ১৫টি বিপণিবিতান রয়েছে। এতে ৯৫টি দল পায়ে হেঁটে দায়িত্ব পালন করবে, ১৬টি পিকেট দল ও ১৯টি মোটরসাইকেল দল টহল দেবে। পুলিশের ৯০১ জন সদস্য দায়িত্ব পালন করবেন এখানে। লালবাগ বিভাগের ২৯টি মার্কেটে ৬২টি দল পায়ে হেঁটে দায়িত্ব পালন করবে, ২২টি মোটরসাইকেল দল টহল দেবে। এখানে পুলিশের ৫০৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।ওয়ারী বিভাগে ৫৫টি মার্কেটে ৫৩টি পিকেট দল ও ১৫টি মোটরসাইকেল দল দায়িত্ব পালন করবে। এই বিভাগে পুলিশের ৯১৬ জন সদস্য মোতায়েন থাকবেন। মতিঝিল বিভাগে ২৭টি মার্কেটে ১০১টি পিকেট দল দায়িত্ব পালন করবে। এতে পুলিশের মোট ৬৩৭ জন সদস্য মোতায়েন থাকবেন এই এলাকায়।তেজগাঁও বিভাগে ৩২টি বিপণিবিতানের নিরাপত্তায় ৪৩টি পিকেট দল দায়িত্ব পালন করবে। এতে পুলিশের ৪০০ সদস্য মোতায়েন করা হয়েছে। মিরপুর বিভাগে ৩৩টি বিপণিবিতান ও মার্কেট এলাকায় ১৩টি পিকেট দল দায়িত্ব পালন করবে। এতে ৭৮ জন পুলিশ মোতায়েন থাকবেন।গুলশান বিভাগের ২৪টি মার্কেট, বিপণিবিতান ও ব্যাংক এলাকায় ২২টি দল পায়ে হেঁটে ও ২১টি পিকেট দল দায়িত্ব পালন করবে। এতে ৪৬৪ জন পুলিশ মোতায়েন থাকবেন। উত্তরা বিভাগের ১৮টি মার্কেট ও বিপণিবিতানে ৫৪টি পিকেট দলসহ ৩২৪ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।মহানগর ট্রাফিকের চারটি বিভাগে সচিত্র প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, ভ্রাম্যমাণ ভিডিও প্রদর্শনী, টেলিভিশনে প্রদর্শনী, শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য, মাইকিং, প্রশিক্ষণ কার্যক্রম ও অন্যান্য সংগঠনকে সম্পৃক্তকরণ এবং যানবাহন নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ট্রাফিকের দক্ষিণ বিভাগে ৬৬৪ জন পুলিশ, ৭২ জন আনসার, ২১৬ জন কমিউনিটি পুলিশসহ ৯৫২ জন; পূর্ব বিভাগে পুলিশ ৫১০ জন, আনসার ৩২ জন, ৯৯ জন কমিউনিটি পুলিশসহ ৬৪১ জন; পশ্চিম বিভাগে ৪৭০ জন পুলিশ, ৩৯ জন আনসার, ৮৯ জন কমিউনিটি পুলিশসহ ৫৯৮ জন এবং উত্তর বিভাগে ৬৭২ জন পুলিশ, ৫৫ জন আনসার, ২৮৬ জন কমিউনিটি পুলিশসহ ১০১৩ জন মোতায়েন থাকবেন।