রাজধানীতে বৈসাবির যত আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে আজ সোমবার আয়োজিত অনুষ্ঠান
ছবি: সুপ্রিয় চাকমা

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি জাতিসত্তার বর্ষবিদায় ও বরণের উৎসব বৈসাবি উপলক্ষে রাজধানী ঢাকায় কাল মঙ্গলবার নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এসব অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সোমবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর পর দুই বছর কোভিডের বিপর্যয় পেরিয়ে এবার রাজধানীতে ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উদ্‌যাপন হবে।

বৈসাবি উপলক্ষে কাল সকাল সাড়ে ৮টায় ঢাকার বেইলি রোড়ে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হবে এ র‌্যালি। বৈসাবির এ উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

যুগ যুগ ধরে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রধান এ সামাজিক উৎসবটি পালন করে আসছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর ‘বৈসুক’ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিজু’ আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়। এবারের বৈসাবি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলার ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা রমনার অনুষ্ঠানে যোগ দেবেন।