রাজধানীতে ব্যবহার-উপযোগী গণশৌচাগার মাত্র ৪৭টি
রাজধানী ঢাকায় প্রতিদিন ভাসমান, রিকশাচালক, পথচারীসহ প্রায় ৫৫ লাখ মানুষের গণশৌচাগার (পাবলিক টয়লেট) ব্যবহারের প্রয়োজন হয়। তবে নগরে ব্যবহার-উপযোগী গণশৌচাগার আছে মাত্র ৪৭টি। এ সংখ্যা চাহিদার তুলনায় অতি নগণ্য।ঢাকা শহরের গণশৌচাগারগুলোর সার্বিক অবস্থা জানার জন্য নগর গবেষণা কেন্দ্র ঢাকা এবং ওয়াটারএইড বাংলাদেশ পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। নগর গবেষণা কেন্দ্র ২০০৭ সালে এ বিষয়ে একটি সমীক্ষা চালায়। তারই ধারাবাহিকতায় এবারের সমীক্ষাটি করা হয়েছে।সমীক্ষা অনুযায়ী, কিছু শৌচাগার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ইজারাদারের মাধ্যমে নির্দিষ্ট ফির বিনিময়ে পরিচালনা করে। ইজারাদার এসব শৌচাগার থেকে উচ্চ মুনাফা লাভ করলেও জনসাধারণকে যথাযথ সেবা দিতে পারছে না। অনেক শৌচাগারে পানি নেই। গণশৌচাগারগুলোর বিদ্যুৎ ও পানির বিল ইজারাদারদের দেওয়ার কথা থাকলেও বেশির ভাগেরই বকেয়া পড়ে আছে।গতকাল সোমবার নগরের একটি অভিজাত হোটেলে এই সমীক্ষা প্রতিবেদনটি উপস্থাপন করেন ওয়াটারএইডের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম এবং নগর গবেষণা কেন্দ্রের সম্পাদক সালমা এ শফি। সমীক্ষায় সবার জন্য উন্মুক্ত ৬৯টি, বাজার বা মার্কেটসংলগ্ন ২৩, মোবাইল শৌচাগার দুটি এবং সীমিত প্রবেশাধিকার আছে—সে ধরনের ৮০টি গণশৌচাগারের কথা উল্লেখ করা হয়েছে। ৬৯টি উন্মুক্ত শৌচাগারের মধ্যে ১০টির কার্যক্রম বন্ধ। ৫৭টির মধ্যে আংশিক ব্যবহারযোগ্য ৪২টি। সমীক্ষায় পাঁচটি শৌচাগারকে পুরোপুরি ব্যবহার-উপযোগী পাওয়া যায়। একদমই খারাপ অবস্থায় পাওয়া যায় ১৫টি শৌচাগার।অনুষ্ঠানে বক্তারা গণশৌচাগারগুলোর অব্যবস্থাপনার জন্য ডিসিসি, রাজউক, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত।অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ রহমত আলী গণশৌচাগারসংক্রান্ত সমন্বিত সুপারিশমালা জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন। বিশেষ অতিথি সাংসদ সাবের হোসেন চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় মডেল গণশৌচাগার তৈরিতে সহায়তা করার আশ্বাস দেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, নগর গবেষণা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম ও চেয়ারম্যান খাদেম আলী, অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ফারাহ কবীর, ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।ব্যবহার-উপযোগী গণশৌচাগারের দাবিজনসমাগমস্থল ও সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত এবং মানসম্মত শৌচাগার স্থাপন করতে হবে। এ দাবিতে গতকাল পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির মোড়ে মানববন্ধনের আয়োজন করে। বক্তারা বলেন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ জায়গা, সভাস্থল, খেলার মাঠ, বাজার, সিনেমা হল ও ঐতিহ্যবাহী স্থানে পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। ফলে অধিকাংশ মানুষ রাস্তার পাশে যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা না থাকায় তারা দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখছে এবং কম পানি পান করছে। এতে তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসের মহাসচিব ইফমা হোসেন। উপস্থিত ছিলেন পবার কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, সাবিনা নাঈম ও গ্রিনমাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান প্রমুখ।