রাজধানীতে ভারী বর্ষণ যানজট ও জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এই মৌসুমে সবচেয়ে ভারী বর্ষণ হয়েছে গতকাল রোববার সকালে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে এই বৃষ্টি কিছুটা হলেও নগরবাসীকে স্বস্তি দিয়েছে। তবে বর্ষণের কারণে কিছু কিছু স্থানে জলাবদ্ধতা ও যানজট দুর্ভোগেরও কারণ হয়েছে। সকালে বৃষ্টি, দুপুরে রোদ ও বিকেল থেকে মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি—গতকাল পুরো দিন এমনই ছিল।আবহাওয়া আধিদপ্তর থেকে জানা গেছে, গতকাল ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ ছাড়া শ্রীমঙ্গল, রংপুর ও সিলেটে গতকাল ভারী বৃষ্টিপাত হয়।গতকালের বর্ষণে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া, উত্তর শাহজাহানপুর, রাজারবাগ, মৌচাক, মালিবাগ, মতিঝিল ও মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে জলাবদ্ধতা স্থায়ী হয়নি। বৃষ্টির পর পর তিলপাপাড়া সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে তিলপাপাড়া মসজিদ পর্যন্ত পানি জমে যায়।তিলপাপাড়া সিটি করপোরেশন কার্যালয়ের সামনে হাঁটুসমান পানি হয়। সে সময় এই পথ দিয়ে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। উত্তর শাহজাহানপুর এলাকার শিল্পী হোটেলের গলিতে সারা দিনই জলাবদ্ধতা ছিল। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং দুপুর পর্যন্ত স্থায়ী হয়। এ সময় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে ফকিরাপুল, কাকরাইল ও পুরানা পল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।দুই দিন সরকারি ছুটির পর গতকাল শহরে তুলনামূলকভাবে যানবাহন চলাচল ছিল বেশি। এতে রিকশার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। বেকায়দায় পড়তে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এই সুযোগে বেশি ভাড়া হেঁকেছেন রিকশাচালকেরা।খিলগাঁও এলাকার ফোজায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, দৈনিক বাংলার মোড় থেকে খিলগাঁও পর্যন্ত রিকশা ভাড়া ২০ টাকা। কিন্তু গতকাল ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।