রাজধানীতে ভেজাল ভেষজ প্রসাধনের রমরমা কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডা. এম আমিনের নতুন আবিষ্কার!’ ‘আবিষ্কারের’ তালিকা বেশ বড়। কী নেই সেখানে—সাত দিনে ফরসা হয়ে যাওয়ার ‘কুইক ফেয়ারনেস ক্রিম’, ফেসওয়াশ, নতুন ও পুরোনো মেছতা দূর করার অব্যর্থ দাওয়াই ‘মেছতা আউট ক্রিম’, ত্বকের ব্রণ ও ফুসকুড়ি দূর করার ‘ব্রণ আউট ক্রিম’, চুলের পুষ্টি জোগানোর জন্য ‘হেয়ার জেল’ ইত্যাদি। এমন ২১ ধরনের ‘আবিষ্কৃত’ প্রসাধন উৎপাদন হচ্ছে প্রায় তিন বছর ধরে। বিক্রি হচ্ছে দেশের সর্বত্র। প্রতিটি পণ্যের গায়ে ‘১০০ ভাগ গ্যারান্টি’ দেওয়া আছে। আর বলা আছে, ‘কথায় নয়, কাজে প্রমাণ’।এসব পণ্যের উৎপাদক প্রতিষ্ঠান আমিন হারবাল কো. লিমিটেডের কার্যালয় রাজধানীর বিজয়নগরে। কিন্তু এই মোক্ষম পণ্যগুলোর উৎপাদনের আসলে কোনো অনুমোদন নেই। অবৈধভাবে উৎপাদন করেই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি, পণ্য বিকোনোর জন্য মোড়কে জুড়ে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানচিহ্ন (লোগো)।বিএসটিআই ঢাকা জেলা প্রশাসনের এবং মহানগর পুলিশের একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল সোমবার এই ভেজাল প্রসাধনের কারখানা এবং কার্যালয় খুঁজে পাওয়া যায়। বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়া মানচিহ্ন ব্যবহার করে নিম্নমানের পরিবেশে মিথ্যা তথ্যসংবলিত প্রসাধন উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই অধ্যাদেশ, ১৯৮৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাঁচ লাখ টাকার মালামালসহ কারখানা সিলগালাও করে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. সেলিম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আমিন হারবালের মহাব্যবস্থাপক ইব্রাহীম মাসুদ জানান, সারা দেশে তাঁদের পণ্য বিক্রি হয়। এই প্রতিষ্ঠানের কোনো স্বীকৃতি আছে কি না, তা তিনি জানেন না। আমিন হারবালের কর্ণধার এম আমিন হোমিওপ্যাথি চিকিৎসক বলে জানান ইব্রাহীম মাসুদ। এই অভিযান পরিচালনার শুরুতে মাসুদ জানিয়েছিলেন, আমিন এসে তাঁর পণ্য উৎপাদনের অনুমোদনপত্র দেখাবেন। কিন্তু পরে আর আমিন আসেননি। তাঁর ব্যবহূত দুটো মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। আমিন হারবালের কারখানা রাজধানীর মেরাজনগরে বলে জানা যায়। তবে এর কার্যালয়েও বিপুল পরিমাণ পণ্যের পাশাপাশি পাওয়া যায় পণ্য উৎপাদনের মেশিন। এখানেও মিশ্রণ (মিক্সিং) এবং প্যাকেটজাত করা হয় বলে জানান মাসুদ। নির্বাহী হাকিম সেলিম হোসেন বলেন, মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছাড়াই নিম্নমানের উপাদান দিয়ে পণ্যগুলো তৈরি হচ্ছে। যে ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে, যা ত্বকের জন্য অত্যন্ত বিপজ্জনক। আরও দুই প্রতিষ্ঠানে অভিযান: একই ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর পল্টনের লাইটিং ওয়ার্ল্ড (প্রা.) লিমিটেডকে চীন থেকে আমদানি করা টাচি ব্র্যান্ডের সুইচ-সকেট, ব্যালাস্ট এবং এনার্জি ল্যাম্প আমদানি করে পরীক্ষা বা বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া সংরক্ষণ এবং বাজারজাত করার দায়ে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় আনুমানিক আট লাখ টাকার মালামাল বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, বিএসটিআইয়ের তালিকায় যে ১৫৪টি অত্যাবশ্যকীয় পণ্য রয়েছে, এর মধ্যে এই তিনটি পণ্য রয়েছে। এগুলো বাজারজাত করতে হলে বিএসটিআইয়ের অনুমোদন দরকার।এই আদালতটি হাত দিয়ে পাউরুটি তৈরি, নিম্নমানের পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অপরাধে পুরানা পল্টনের মারিয়া ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।