রাজধানীতে মশার প্রকোপ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মশার প্রকোপ বেড়ে গেছে। বেলা গড়ানোর পর থেকে মশার ঝাঁক প্রবেশ করছে ঘরে। মশার কামড়ে নগরবাসী অতিষ্ঠ। বিশেষ করে, শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। নিয়মিত ওষুধ না ছিটানোয় মশার প্রকোপ বেড়েছে বলে বিরক্ত নাগরিকেরা অভিযোগ করেছেন। ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সময়মতো মশকনিধন ওষুধ না কেনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মশার প্রকোপ বেড়ে যায়। মশার বংশবিস্তার প্রতিরোধে ডিসিসির পক্ষ থেকে বর্ষা মৌসুমের পরপরই প্রতিটি এলাকায় ওষুধ ছিটানো হয়। কিন্তু এ বছর সময়মতো ওষুধ কিনতে ব্যর্থ হয় ঢাকা সিটি করপোরেশন। ফলে রাজধানীতে চাহিদা অনুসারে ওষুধ ছিটাতে না পারায় মশার প্রকোপ বেড়ে গেছে।রাজধানীর মীর হাজিরবাগের বাসিন্দা ও ব্যবসায়ী আবদুর রহিম জানান, তাঁদের এলাকায় মশার প্রকোপ অত্যন্ত বেড়ে গেছে। মশার কামড়ে রাতে ঠিকমতো ঘুমানো যায় না। ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানান।বাবুবাজারের গৃহবধূ সুফিয়া ইব্রাহিম জানান, কিছুদিন ধরে মশা ব্যাপকভাবে বেড়ে গেছে। মশার কামড়ে তাঁর স্কুল পড়ুয়া দুই শিশু কয়েক দিন ধরে সন্ধ্যার পর বই নিয়ে বসতেই পারছে না। ডিসিসি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন নর্দমা, মজাপুকুর, কচুরিপানাযুক্ত জলাধার ও ঝোপঝাড়ে মশা জন্ময়। এ কারণে বর্ষা মৌসুমের পরপর এসব স্থানে তরল অ্যাডালটিসাইড ওষুধ ছিটানো হলে মাশার প্রকোপ কমে। ডিসিসির কাছে ছয় থেকে সাত হাজার লিটার অ্যাডালটিসাইড ওষুধ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুই লাখ লিটার অ্যাডালটিসাইড কেনার জন্য গত জুলাই মাসে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো তা কেনা সম্ভব হয়নি।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম দফায় কেউ দরপত্রে সাড়া দেয়নি। একবার দরপত্রে সাড়া না মিললে ২১ দিনের আগে পুনঃ দরপত্র দেওয়া যায় না। এতে দরপত্রের প্রক্রিয়া শেষ করতে গিয়ে ওষুধ কিনতে দেরি হয়ে যায়।’ ক্রয়নীতির কারণে এমনটি হয়েছে। তবে তিনি জানিয়েছেন, ওষুধ কেনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়েছে। তিন সপ্তাহের মধ্যে ওষুধ পাওয়া যাবে।জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে জানান, মশার ওষুধ কেনার জন্য দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বর্তমানে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁদের কাছে যে পরিমাণ ওষুধ রয়েছে, তা নতুন ওষুধ আসা পর্যন্ত চলে যাবে বলে তিনি জানান।