রাজধানীতে যানজটে বছরে ক্ষতি ১৯ হাজার কোটি টাকা
রাজধানীতে যানজটের কারণে বাস, কার, ট্যাক্সিক্যাব, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানের যাত্রীদের বছরের ক্ষতি হয় প্রায় ১২ হাজার কোটি টাকা। এর সঙ্গে পরিবেশদূষণ, ব্যবসা ও স্বাস্থ্যসংক্রান্ত ক্ষতি এবং দুর্ঘটনা হিসাবে আনলে বছরে ক্ষতি হয় সাড়ে ১৯ হাজার কোটি টাকা। যানজট দেড় কোটি নগরবাসীর দৈনিক কর্মঘণ্টা থেকে ৮০ লাখ ঘণ্টা নষ্ট করছে। এ তথ্য বেরিয়ে এসেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের তিন প্রকৌশলীর গবেষণায়। গবেষকেরা হলেন: আবদুল্লাহ আল মামুন, সৈয়দ মইনুল হাসান ও মারুফা ইসমাত। গতকাল বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ভবনে ‘ঢাকা শহরে যানজট ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব: প্রতিকারের উপায়’ শীর্ষক এক সেমিনারে তাঁরা গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এমসিসিআই ও দ্য চার্টার্ট ইনস্টিটিউট অব লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা যানজট নিরসনে রেলক্রসিংগুলোয় ফ্লাইওভার নির্মাণ, বেশি করে কমিউটার ট্রেন চালু, ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ ও গণপরিবহনব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন। সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যানজটের এ ভয়াবহ কুফলের তথ্য জেনে প্রতিকারের আশ্বাস দেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। শিগগিরই যাত্রাবাড়ী-গুলিস্তান, জুরাইন, মগবাজার, খিলক্ষেত এলাকায় কয়েকটি ফ্লাইওভার হবে বলে তিনি জানান।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, থাইল্যান্ডে রাস্তা বড় করার জন্য বড় বড় ভবন ভেঙে ফেলা হয়েছে। ঢাকার ক্ষেত্রে এ ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নিতে হতে পারে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। তিনি গণপরিবহনব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, ধানমন্ডি এলাকায় সকালে ২০-৩০ হাজার ব্যক্তিগত গাড়ি বের হয়। একজন ছাত্রের জন্য একটা গাড়ি রাস্তায় নামে। এটা বন্ধ না করতে পারলে যানজট কমবে না। স্বাগত বক্তব্যে এমসিসিআইয়ের প্রেসিডেন্ট এম আনিস উদ দৌলা বলেন, গত বছর সড়ক ও জনপথ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার চারটি প্রধান সড়কে যে যানজট হয়, তার কারণে বছরে ক্ষতি হয় নয় হাজার ৬০০ কোটি টাকা। এটা বার্ষিক উন্নয়ন কর্মসূচির এক-তৃতীয়াংশের সমান। এ থেকে পরিত্রাণের জন্য সরকারকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সাবেক সচিব রেজাউল হায়াত বলেন, সব মানুষের স্রোত এখন ঢাকামুখী। এ স্রোত ঠেকাতে না পারলে যানজট নিরসন সম্ভব নয়। এ জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন ব্যবসায়ী মফিজুর রহমান, কামরান তানভীরুল রহমান, জাহিদুজ্জামান ফারুক, আশফাকুর রহমান, হাবিবুল্লাহ করিম, আমজাদ হোসেন প্রমুখ।