রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল রোববার ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ছাড়া গতকাল ও গত শনিবার পৃথক ঘটনায় এক গৃহবধূসহ চারজনের অপমৃত্যু হয়েছে।কামরাঙ্গীরচরে নিহত যুবকের নাম হযরত আলী (২৭)। তিনি ওয়াজেদ উদ্দিন সড়কের এক বাসায় থাকতেন।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে হযরত আলীর পাশের বাসা থেকে মুঠোফোন চুরি করছিল অপু নামের এক যুবক। তিনি এ সময় জাপটে ধরলে অপু তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপুকে আসামি করে হত্যা মামলা হয়েছে।গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু: গেন্ডারিয়া থানার শরৎ গুপ্ত লেনের এক বাসায় গতকাল দুপুরে গৃহবধূ নাসিমা আক্তারের (৩০) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাসিমার স্বামী কাওসার হাওলাদারের বরাত দিয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, নাসিমা স্বামীর সঙ্গে ওই বাসায় থাকতেন। কাওসার দুপুরে বাসার দরজা ভেঙে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর কারণ জানা যায়নি।এদিকে, হাসপাতালে নাসিমার মা শাহিদা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নাসিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি বলেন, এ রকম অভিযোগ থানায় কেউ করেনি।মাথায় বাঁশ পড়ে মৃত্যু: শাহবাগ থানাধীন সেগুনবাগিচায় নির্মাণাধীন একটি ভবন থেকে গতকাল বিকেল চারটার দিকে একটি বাঁশ ভবনসংলগ্ন ফুটপাতে চা-বিক্রেতা বাবুল হোসেনের (৩৮) মাথায় পড়ে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে ভবন-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও দুটি অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে তুরাগ থানার নয়ানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৪) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুরে।একই দিন রাত ১০টার দিকে শেরেবাংলা নগরের পশ্চিম রাজাবাজারের এক বাসা থেকে স্কুলছাত্রী মোসাম্মৎ মমতাজের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, মা-বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।