রাজধানীতে শিশু ও বৃদ্ধসহ পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকা ও মিরপুরে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনটি অপমৃত্যু হয়েছে।শাহ আলী থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) আজিজুর রহমান বলেন, মিরপুরের বেড়িবাঁধে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে একটি মাইক্রোবাস পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশায় থাকা নার্গিস আক্তার, তাঁর দুই বছরের শিশু মারিয়া আক্তার ও দেবর বশির হাওলাদার রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যায় মারিয়া। তার মা ও চাচা আহত হয়েছেন। এসআই বলেন, ঘটনার পর টহলরত পুলিশ ও জনতা ধাওয়া করে চালকসহ মাইক্রোবাসটি আটক করে। চালকের নাম মো. হেলাল (২৮)। এ ঘটনায় মারিয়ার বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারিয়া তাঁর একমাত্র সন্তান। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে আগে রামপুরার এক বাসায় থাকতেন। বেশ কিছুদিন আগে ওই বাসা পরিবর্তন করে মিরপুর ১ নম্বরের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় নতুন বাসা নেন তিনি। গতকাল ওই বাসায় ওঠার দিন ছিল। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আলী বলেন, পুরান ঢাকার জনসন রোড এলাকায় সদরঘাট থেকে মিরপুরগামী একটি বাসের ধাক্কায় নিহত হন রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় আহত আবদুল খালেক (৬২) ও মোস্তফা কামাল (৪৫) নামের দুজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক। আহত আবদুল খালেক সাংবাদিকদের বলেন, রমজান আলী তাঁর আত্মীয়। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। গতকাল তাঁরা লঞ্চযোগে সদরঘাটে আসেন। পরে টঙ্গীতে যাওয়ার জন্য বাস ধরতে তাঁরা সেখানে আসেন। তাবলিগ জামাতের চিল্লায় যোগ দিতে তাঁরা ঢাকা এসেছিলেন।আহত মোস্তফা কামাল বলেন, তিনি লঞ্চযোগে গ্রামের বাড়ি চাঁদপুর থেকে সদরঘাট আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাঁর এক আত্মীয়কে দেখতে তিনি ঢাকায় এসেছিলেন। আরও তিনটি অপমৃত্যু: মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গতকাল সকাল সাতটার দিকে বঙ্গভবনের সরকারি স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে রেহানা পারভীন (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রেহানা স্বামী ও এক সন্তানের সঙ্গে ওই স্টাফ কোয়ার্টারের বাসায় থাকতেন। গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে সন্তানকে নিয়ে আলাদা একটি কক্ষে ঘুমাতে যান রেহানা। ভোর চারটার দিকে স্বামী ডাকাডাকি শুরু করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে ঢুকে রেহানাকে ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সূত্র জানায়, রাজধানীর তুরাগ এলাকায় গত বুধবার রাত ১১টার দিকে মোছাম্মত্ জুলেখা (২৭) নামের এক নারী বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরে। এদিকে গত বুধবার বিকেলে বিমানবন্দর রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে এক অজ্ঞাতনামা (৭০) ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে ছেঁড়া লুুঙ্গি ও চেক শার্ট ছিল।