রাজধানীতে শুরু হয়েছে বিট পুলিশিং
আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাজধানীর সব থানায় শুরু হয়েছে ‘বিট পুলিশিং’। এ ব্যবস্থায় নগরের ৪১টি থানাকে ৬০০ ছোট ছোট অঞ্চল বা বিটে ভাগ করা হয়েছে। প্রতিটি বিটের দায়িত্বে থাকছেন উপপরিদর্শক পদের একজন কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং চালু করা হয়েছে। এ ব্যবস্থায় রাজধানীর অপরাধ পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। বিট পুলিশ যা করবে: পুলিশ কর্মকর্তারা জানান, বিট-প্রধানেরা মাদক বিক্রেতাসহ অপরাধীদের সব ধরনের তথ্য সংগ্রহ করবেন। তাঁরা চিহ্নিত অপরাধী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার, পরোয়ানার তামিল, বখাটে ও নারী উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারে ব্যবস্থা নেবেন। এর বাইরেও বিট-প্রধানেরা তৈরি পোশাক কারখানা, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের তালিকা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন। এলাকার লোকদের নিয়ে তাঁরা প্রতি সপ্তাহে সাধারণ সভা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বিটের সদস্যরা রাজনৈতিক ও সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা করে তাঁদের গতিবিধির ওপর নজরদারি করবেন। বিট পুলিশিংয়ে জনবল: ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর (ডিএমপি) সূত্র জানায়, প্রতিটি থানাকে আট থেকে ১৫টি বিটে ভাগ করা হয়েছে। বিটে একজন করে এসআই, একজন এএসআই ও তিন-চারজন কনস্টেবল থাকবেন। থানার পরিদর্শক (তদন্ত) বিট পুলিশের কার্যক্রমের দায়িত্বে থাকবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমন্বয় করবেন। ওই অঞ্চলের টহল সহকারী কমিশনার তদারকি করবেন। বিটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করবেন ও পরিস্থিতি অবনতির জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ডিএমপির সদর দপ্তরের উপকমিশনার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরে পুলিশের ওয়ারী বিভাগে প্রথম বিট পুলিশিং চালু হয়। এতে সুফল পাওয়ার পর এখন ডিএমপির সব থানায় বিট পুলিশিং চালু হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, মিরপুর, কাফরুল, পল্লবী, শাহ আলী ও দারুসসালাম থানাকে ৬১টি বিটে ভাগ করা হয়েছে। গত জানুয়ারিতে বিট পুলিশিং চালু হওয়ায় তাঁর অধীনস্থ এলাকায় অপরাধ প্রবণতা কমে গেছে। যোগাযোগের জন্য প্রতিটি গলির মুখে বিট পুলিশিং প্রধানের সরকারি মুঠোফোন নম্বর সেঁটে দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে মানুষ ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন বলেন, বিট পুলিশিং চালু হওয়ার পর লালমাটিয়া এলাকার ২০০ মানুষের ঠিকানা যাচাই করতে গিয়ে ১২ জনের ঠিকানায় গরমিল পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, বিট পুলিশিং চালু হওয়ায় পুলিশের সঙ্গে মানুষের সম্পৃক্ততা বাড়ছে। ফলে বিটের দায়িত্বে থাকা সদস্যরা অপরাধী সম্পর্কে তথ্য জানতে পেরেছেন।