রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ৩
রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও আসাদগেট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় লাইবেরিয়ার নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
গতকাল রাত সোয়া ১২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় উইলিংটন কিং (৩৭) নামের লাইবেরিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানা এলাকায় বিএনএস টাওয়ারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। উইলিংটন কিং রাস্তা পার হওয়ার সময় আবদুল্লাহপুরগামী একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গতকাল রাত নয়টার দিকে খিলক্ষেত এলাকায় লোটাস কামাল ভবনের সামনের সড়কে প্রাইভেটকারের ধাক্কায় প্রজেস (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি নর্দা কালাচাঁদপুর শিশুপল্লি প্লাসে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। আজ সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়া ঘাটের চরবাঙ্গালিয়ায়।
এ দিকে আজ সকাল ১০টার দিকে আসাদগেট এলাকায় অজ্ঞাতনামা (২২) যুবকের মৃত্যু হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আকাশ জানান, আসাদগেটের সামনের সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ওই যুবককে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা ও হাতে আঘাত লাগে। পরে তিনি ও আরেকজন পথচারী গুরুতর অবস্থায় ওই যুবককে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।