রাজধানীতে সহকর্মীর ছুরিকাঘাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীর ছুরিকাঘাতে শয়ন হাসান (১৮) নামে এক কিশোর খুনের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, নিহত কিশোর একটি বুটিক কারখানায় কাজ করতেন। কথা-কাটাকাটির একপর্যায়ে সিরাজ নামে শয়নের এক সহকর্মী তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।  
শয়ন কামরাঙ্গীরচরের হাসাননগর আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা এলাকায়। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন শয়ন।

শয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আরেক সহকর্মী রাকিব হাসান। হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকার ভিটাবাজারে আপন বুটিকস নামের একটি কারখানায় কাজ করতেন শয়ন। সন্ধ্যায় ওই কারখানার কর্মী সিরাজ তাকে আরেক কর্মীকে ডেকে আনতে বলেন। শয়ন রাজি না হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর সিরাজ ক্ষিপ্ত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শয়ন কারখানার সামনের রাস্তায় গেলে সিরাজ তাকে ছুরিকাঘাত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, শয়নের বুকের ডান পাশ ও বাম ঊরুতে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শয়নকে হত্যা করেছেন সিরাজ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় শয়নের মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।