রাজধানীতে স্কুলছাত্রীসহ পাঁচজনের অপমৃত্যু
রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ পাঁচজন মারা গেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় দুজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক স্কুলছাত্রী ও এক গৃহবধূর লাশ।দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তর বেগুনবাড়ীর একটি টিনশেডের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস আক্তার শম্পা (১৭) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। বিলকিস তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ওসি বলেন, বিলকিস মা, ভাই ও ভাবি শাহানা বেগমের সঙ্গে টিনশেডের ওই বাসায় থাকত। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহানা বেগম প্রায় সময় বিলকিসের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং তার কাপড় ও বইপত্র পুড়িয়ে ফেলতেন। এতে অতিষ্ঠ হয়ে বিলকিস আত্মহত্যা করতে পারে। শাহানাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে গত বুধবার রাত ১১টার দিকে গুলশান থানাধীন শাহজাদপুর ঝিলপাড়ের একটি টিনের চালার বাসা থেকে রোজিনা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা বাড্ডার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামীর নাম শাহ পরান। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে রোজিনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ২: গতকাল সকালে সূত্রাপুরের এস কে দাস সড়কের বাসা থেকে বের হয়ে বাইসাইকেলে করে মোহাম্মদপুরের কর্মস্থলে যাচ্ছিলেন মেহেদী হাসান স্বাধীন (১৮)। ফুলবাড়িয়া সড়কে পুলিশ সদর দপ্তরের সামনে এলে একটি মালবাহী গাড়ির (কাভার্ড ভ্যান) ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা গাবতলী-নিউমার্কেট-সদরঘাট পথে যাতায়াত করা একটি বাসও তাঁকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে মেহেদীর মৃত্যু হয়।এ ব্যাপারে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনার পরপর বাসের ফারুক সরদার ও কাভার্ড ভ্যানের চালক রমজান আলীকে আটক করেছে। মেহেদীর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে উত্তরার সাত নম্বর সেক্টরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। ঘটনার পরপর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্ত্রী-সন্তান নিয়ে তেজগাঁওয়ের পূর্ব কুনিপাড়া এলাকায় একটি টিনেরচালার বাসায় থাকতেন ফিরোজ মাহমুদ (৩৫)। বুধবার রাত ১০টার দিকেও বাসাটির পাশে একটি নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে প্রচণ্ড শব্দে ঘুম না আসায় ফিরোজ কারিগরদের কাজ বন্ধ করতে বলার জন্য ঘর থেকে বের হয়। এ সময় ঘরের টিনে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের সঙ্গে সংযুক্ত কোনো বৈদ্যুতিক তার ফিরোজের টিনের চালে পড়েছিল। এতে পুরো টিনে বিদ্যুৎ সঞ্চারিত হয়।