রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল রাজধানীতে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। রাজধানীর বিমানবন্দর ও যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।গতকাল ভোরে বিমানবন্দরের গোলচত্বরে মাছবাহী ট্রাকের চাপায় নিহত হন সখিনা বেগম (৬০) ও সানাউল্লাহ (৩২)। সখিনার মেয়ে শেফালী (২৫) আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর কিছুক্ষণ পর সকালে যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় মো. শাহীন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সখিনার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।বিমানবন্দর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মাছবাহী ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। অপরদিকে গতকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শাহীন মারা যায়। তাঁর বাড়ি কুমিল্লা সদরের মালিকার চর এলাকায়। রোববার সে তার মা জহুরা বেগমের সঙ্গে শনির আখড়ায় মামা মুজিবরের বাড়িতে বেড়াতে আসে। তার বাবা শহীদ মিয়া সৌদিপ্রবাসী।যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক শরীফুল আলম জানান, বাসটি লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।