রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ওই নারীর নাম শরীফা বেগম (৪৫)। তিনি বাসবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর স্বামীর নাম সেলিম।
সেলিম বলেন, প্রতিদিনের মতো আজও কাজের জন্য বাসা থেকে বের হন শরীফা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া নয়টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শরীফার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।