রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান খোকন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে আগারগাঁও ইসলামিয়া অন্বেষণের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে পাশের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে রাত ৭টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মারা যান।

এ বিষয়ে হাবিবুরের বাবা আকবর আলী জানান, আগারগাঁও ইসলামিয়া অন্বেষণের সামনের রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তাঁর ছেলে। তবে কীভাবে হাবিবুর দুর্ঘটনার শিকার হলেন, তা জানাতে পারেননি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, হাবিবুর কীভাবে দুর্ঘটনার শিকার হলেন তা খোঁজ নেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাবিবুরের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।