রাজধানীতে হরতালের প্রভাব পড়েনি

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে তেমন প্রভাব পড়েনি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িও চলাচল করে। যদিও বেলা তিনটার দিকে হরতাল প্রত্যাহার করে নেয় জামায়াত।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ‘চক্রান্তের’ প্রতিবাদে গতকাল সোমবার জামায়াত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। গতকাল বিকেলে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, ‘হরতাল চলাকালীন হাইকোর্ট শুনানি শেষে আবেদনকারীদের আবেদন খারিজ করে দেওয়ায় জামায়াতের পক্ষ থেকে দিনের পরবর্তী সময়ের জন্য চলমান হরতাল প্রত্যাহার করার ঘোষণা প্রদান করছি।’
গতকাল সকাল থেকেই রাজধানীতে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। রেল, বিমান ও নৌপথের যোগাযোগও স্বাভাবিক ছিল। অফিস-আদালতের কার্যক্রমও চলেছে যথারীতি। তবে হরতালের কারণে ঢাকা মহানগরীতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।