রাজধানীতে হুজির আরও তিন সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) সদস্য সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন মো. আবদুল্লাহ, মো. রিদওয়ান ও সফিকুল ইসলাম ওরফে রিপন।
ডিবি জানায়, গত শনিবার রাতে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুসংলগ্ন এলাকা থেকে ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দল হুজি-বির তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় থাকেন। এর মধ্যে আবদুল্লাহ ও রিদওয়ান তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। আর সফিকুল ২৫ অক্টোবর ‘জব্দ’ হওয়া বোমা তৈরির ‘ল্যাবরেটরিতে’ কাজ করতেন। তিনজনই কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন।
এ বিষয়ে গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ২৫ অক্টোবর হুজি-বির যে চারজন জঙ্গি গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, আবদুল্লাহ ও রিদওয়ান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা পাকিস্তান বা আফগানিস্তানে জঙ্গি তৎপরতার বিষয়ে কৌশলগত প্রশিক্ষণ নিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, আশির দশকে বাংলাদেশ থেকে আফগানিস্তানে ‘জিহাদে’ অনেকে যোগ দিতে গিয়েছিলেন, যাঁরা পরবর্তী সময়ে দেশে ফিরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়েছেন। এর পরে ওই সব দেশে জঙ্গি প্রশিক্ষণে যাওয়ার সংখ্যা খুবই কম। গত দুই বছরে পাঁচ-ছয়জন এ রকম প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন বলে তথ্য রয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর মাওলানা মো. রফিক আহমেদ ওরফে সাজিদ, মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি, নাদিম আহমেদ ওরফে সুমন ও সালাউদ্দিন আহমেদ নামে চারজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাঁদের বোমা তৈরির কাজে ব্যবহৃত দুটি বাসার সন্ধান পায়। ডিবির দাবি, এ দুটি ঘর জঙ্গিরা বোমা তৈরির ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে ৫৫ ধরনের বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
উভয় গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ২৫ অক্টোবর বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সঙ্গে শনিবার রাতে গ্রেপ্তার হওয়া তিনজনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এঁরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হুজি-বির সক্রিয় সদস্য।