রাজধানীতে ১০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে
রাজধানীতে সরকারি উদ্যোগে ১০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচটি মহাবিদ্যালয় হবে। ৪৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ হবে ২০১৪ সালে। মার্চের প্রথম সপ্তাহে হাজারীবাগ থানার কালুনগরে একটি মাধ্যমিক ও একটি মহাবিদ্যালয়ের নির্মাণকাজ শুরুর মধ্য দিয়ে প্রকল্প শুরু হবে। গত বুধবার প্রকল্প তদারক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, পরিচালক (পরিকল্পনা) সিরাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক মানিক চন্দ্র দেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সূত্র জানায়, প্রথম পর্বের নির্মাণকাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। তবে তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময় ও সম্মতির ওপর। সূত্র আরও জানায়, অন্য বিদ্যালয় ও মহাবিদ্যালয় নির্মাণের জন্য যেসব স্থান নির্বাচন করা হয়েছে, তা হচ্ছে হাজারীবাগ থানার রাজমুশরীতে একটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়, উত্তরা থানার দক্ষিণখানে একটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়, মিরপুর থানার দুয়ারীপাড়ায় একটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়, মোহাম্মদপুর থানায় একটি মহাবিদ্যালয়, সবুজবাগ থানার রাজারবাগে দুটি বিদ্যালয় ও একটি মহাবিদ্যালয় নির্মাণ করা হবে। ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন-ব্যয় ছাড়াও এ প্রকল্পের জনবল নিয়োগ, বেতন-ভাতা ও শিক্ষা সরঞ্জাম সংগ্রহের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ টাকা। এর ১২ কোটি ৭৭ লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজধানীতে ভর্তি নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতা চলে, তা নিরসনে আরও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির অংশ হিসেবে এটি করা হচ্ছে।