রাজধানীতে ১৫ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
রাজধানীর জিপিও এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ১৫ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।ডিবি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল জিপিওর ২ নম্বর ফটকে অভিযান চালিয়ে জাল নোটের পাইকারি ও খুচরা ব্যবসায়ী শাহারুক হোসেন (২৭), সাইদুল ইসলাম (৫০) এবং খুচরা ব্যবসায়ী আনসারুল করিমকে (২৪) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল বুধবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আনা হয়। এ সময় জাল নোট ব্যবসায়ী শাহারুক সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশের অভিযানের কারণে তিনি অনেক দিন জাল নোট বেচাকেনা বন্ধ রেখেছিলেন। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় তিনি আবার জাল নোট ছড়ানোর চেষ্টা করেছিলেন। তাঁর খালাতো ভাই ইমরান হোসেন কারখানা থেকে পাইকারি জাল নোট কেনেন। তাঁর কাছ থেকে তিনি কেনেন।আনসারুল জানান, তিনি রিকশাচালক। তিনি শাহারুকের কাছ থেকে জাল নোট কিনতেন এবং সুযোগ বুঝে খুচরা বিক্রি করতেন। অপরজন সাইদুল জানান, ঈদুল ফিতরের আগে জাল নোটের ব্যবসা শুরু করেছিলেন। একপর্যায়ে তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পেয়ে আবার এই ব্যবসা শুরু করেন।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। জাল নোট তৈরির এই চক্রের প্রধান রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।১৩ অক্টোবর ডেমরা ও কামরাঙ্গীরচরে জাল নোট তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি মিলিয়ে আড়াই কোটি টাকার জাল নোট উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।৫০০ ইয়াবা বড়িসহ দুজন গ্রেপ্তার: এদিকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তার মোড় এলাকা থেকে ৫০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন: রুহুল আমিন (৩০) ও ইমাম আলী খন্দকার (২৫)। এই অভিযান পরিচালনা করেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান।