রাজধানীতে ১৬২৫টি স্থাপনা অবৈধ

রাজধানীর বিভিন্ন এলাকায় ১ হাজার ৬২৫টি অবৈধ স্থাপনার তালিকা প্রকাশ করেছে সরকার। এসব স্থাপনার মালিকেরা রাজউকের লিজ শর্ত ভঙ্গ করে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন। এগুলো উচ্ছেদে অবিলম্বে অভিযান শুরু করার পাশাপাশি তালিকাভুক্ত স্থাপনার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।
রোববার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে আবাসিক এলাকায় অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ-সংক্রান্ত অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এক সভায় এসব জানানো হয়। তালিকায় উত্তরার ২১৫টি, মিরপুরের ৫৮০টি, গুলশান-বারিধারার ৫৫২টি, ধানমন্ডি-লালবাগ এলাকার ১৭৩টি এবং মতিঝিল-খিলগাঁও এলাকায় ১০৫টি স্থাপনা রয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকার অবৈধ স্থাপনা নাগরিকদের নিরাপত্তার স্বার্থে উচ্ছেদের মাধ্যমে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের পর গত কয়েক দিন গুলশান, বনানী, বারিধারা এলাকায় অনুমোদনহীন প্রতিষ্ঠান ও স্থাপনার তালিকা হালনাগাদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
প্রাথমিক তালিকা অনুসারে এসব এলাকায় অননুমোদিত স্থাপনাগুলোর মধ্যে রেস্তোরাঁর সংখ্যাই সর্বাধিক। এর সংখ্যা ৩৪২টি। এ ছাড়া আবাসিক হোটেল ও রেস্টহাউসের সংখ্যা ৬২, বার ১৬, স্কুল ৫৬, কলেজ ৩, বিশ্ববিদ্যালয় ২৩ ও হাসপাতাল ৫০টি। সবচেয়ে বেশি ৩৫টি হাসপাতাল ও মেডিকেল সেন্টার আছে বনানীতে। আর ২৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১টি এই এলাকায় অবস্থিত।
এর আগে গত জানুয়ারি মাসে রাজধানীর কয়েকটি এলাকায় আবাসিক প্লটে বাণিজ্যিক ব্যবহার বন্ধে বিশেষ অভিযান শুরু হলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপে একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। তবে শিগগিরই কূটনৈতিক এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। তিনি বলেন, আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান রাখা হবে না। ঘোষিত বাণিজ্যিক এলাকার বাইরে আর কোথাও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অনুমতি দেওয়া হবে না।
প্রাথমিকভাবে গুলশান, বনানী ও বারিধারার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁ দিয়ে অভিযান শুরু হবে বলে জানান মন্ত্রী। তবে এসব এলাকার স্কুল-কলেজ ও হাসপাতালগুলো সরাতে তিন মাস সময় দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে তাঁদের জন্য নতুন জমি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে রাজউকের উত্তরা ও পূর্বাচল প্রকল্পের কথাও ভাবা যেতে পারে।
জানা গেছে, মন্ত্রণালয় থেকে রাজউক ও দুই সিটি করপোরেশনকে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে। তারা যৌথভাবে অভিযানে অংশ নেবে। শহরের আবাসিক এলাকায় নিজ নিজ অননুমোদিত প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার ব্যাপারে মালিকপক্ষকেই আগে সুযোগ দেওয়া হবে। এতে অভ্যন্তরীণভাবেই চাপ প্রয়োগ করবে সরকার। আর তাতেও কোনো কাজ না হলে সরাসরি উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত রয়েছে।
রোববারের সভায় সিদ্ধান্ত হয়, উচ্ছেদ অভিযান জোরদার করার পাশাপাশি তালিকাভুক্ত স্থাপনার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র দেওয়া হবে। সভায় জানানো হয়, গুলশানের হলি আর্টিজান বেকারিও অবৈধভাবে গড়ে উঠেছে। এ প্লটে নার্সিং হোম করার জন্য ১৯৭৯ সালে মালিককে বরাদ্দ দেওয়া হয়। ১৯৮২ সালে নার্সিং হোমের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু রেস্টুরেন্ট বা বেকারি করার জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি। নার্সিং হোমের নামে বরাদ্দ করা প্লটের একটি অংশে হলি আর্টিজান বেকারি গড়ে তোলা হয়েছে।
সভায় জানানো হয়, বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৩৩৩টি র্যাম্প ও ২৩৬টি গাড়ি রাখার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে উত্তরায় ১১৬টি র্যাম্প ও ৯৮টি গাড়ি রাখার জায়গা উচ্ছেদ এবং ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গুলশান-বারিধারায় ২০৮টি র্যাম্প ও ৪৯টি গাড়ি রাখার জায়গা উচ্ছেদ এবং ৮৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ধানমন্ডি-লালবাগ এলাকায় ৯টি র্যাম্প, ৮৯টি গাড়ি রাখার জায়গা উচ্ছেদ এবং ২ কোটি ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।