রাজধানীতে ২২ কোটি ৫০ লাখ টাকার ভূমিকর আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ২০১০-১১ অর্থবছরে বিপুল পরিমাণ ভূমিকর আদায় হয়েছে। এর মধ্যে তিনটি এলাকায় শতভাগ কর আদায় হওয়ায় গত বুধবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মহিবুল হক। জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি রেভিনিউ কালেক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, রাজধানীতে পাঁচটি সার্কেল অফিস ও রাজধানীর বাইরে কেরানীগঞ্জ সার্কেলসহ ৩৫টি ইউনিয়ন ভূমি উন্নয়ন অফিসে মোট ২২ কোটি ৫০ লাখ টাকার কর আদায় হয়েছে। এর মধ্যে গুলশানে আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ এবং মিরপুরে এক কোটি ৩৫ লাখ টাকা এবং কেরানীগঞ্জ সার্কেলে আদায় হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা।আবুল বাশার জানান, শতভাগ কর আদায় করায় গুলশান ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আবদুল হালিম ও উপসহকারী কর্মকর্তা ওমর ফারুক, মিরপুরের সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ রইস উদ্দিন ও উপসহকারী কর্মকর্তা রণজিৎ চন্দ্র সাহা ও কেরানীগঞ্জের আবদুল ওয়াদুদ ও ধামরাইয়ের আনোয়ার হোসেনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।