রাজধানীতে ৩৫টি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকার ৩৫টি ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর বাইরে ১২০টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১৫৫টি ভবনের বিষয়ে করণীয় নির্ধারণের জন্য সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি।

রাজউকের দেওয়া তথ্য অনুসারে, মারাত্মক ঝুঁকিপূর্ণ ৩৫টি ভবনের মধ্যে ২৭টির অবস্থান কেরানীগঞ্জ ও সূত্রাপুর এলাকায়। এ ছাড়া সাভার ও মিরপুরে পাঁচটি এবং গুলশান, মহাখালী ও নারায়ণগঞ্জে আছে একটি করে ভবন।

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা যায়, চার বছর আগে তাদের অথরাইজড কর্মকর্তাদের তত্ত্বাবধানে রাজউক নিয়ন্ত্রিত এলাকার মোট ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়। গত বছরের ২৭ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি রাজউক ও সিটি করপোরেশনকে দেওয়া এক আদেশে এই ভবনগুলো অপসারণের জন্য এক মাস সময় বেঁধে দেয়। তবে এই সময়ের মধ্যে আদেশ কার্যকর না হওয়ায় আরও সাত মাস সময় বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে দেয় কমিটি। সেই সঙ্গে ওই সব ভবনের গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।

এই আদেশের পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য আসমাউল হোসেনকে আহ্বায়ক করে মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ১১ সদস্যের একটি কমিটি ভবনগুলো পুনঃপরীক্ষার উদ্যোগ নেয়। সিদ্ধান্ত হয়, এই কমিটির তৈরি করে দেওয়া প্রশ্নপত্র ও সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে রাজউকের অথরাইজড কর্মকর্তারা আবারও ভবনগুলো পরীক্ষা করে বর্তমান অবস্থা জানাবেন।

এ বিষয়ে ভবন পুনঃপরীক্ষার জন্য গঠিত কমিটির আহ্বায়ক আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, পুনঃপরীক্ষার পর ৩২১টি ভবনের মধ্যে ৩৫টি মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ১২০টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া তালিকায় থাকা আরও ১০০টি ভবন ঝুঁকিপূর্ণ কি না, তা বোঝার জন্য বিশেষজ্ঞদের সহযোগিতা লাগবে। এ ছাড়া ভবনগুলোর মধ্যে ২৫টি ভবন মালিকেরা নিজ উদ্যোগে ভেঙে ফেলেছেন। নতুন করে নির্মিত হয়েছে ২৮টি ভবন। আর ১৩টি ভবনের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এই ১৩টি ভবনের ঠিকানা কেন খুঁজে পাওয়া গেল না, জানতে চাইলে আসমাউল হোসেন বলেন, আগে যাঁরা এই কাজটি করেছেন, এটা তাঁদের ভুল হতে পারে। আবার এখন যাঁরা করেছেন, তাঁদের ভুল হওয়াও অসম্ভব নয়। তবে এসব ভবনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

 কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্যের কাছ থেকে জানা যায়, পুনঃপরীক্ষায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবনগুলোর মধ্যে ৩২টির অবস্থান কেরানীগঞ্জ ও সূত্রাপুর এলাকায়। সব মিলিয়ে এ দুই এলাকায় মারাত্মক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৫৯। এর বাইরে ঝুঁকিপূর্ণের তালিকায় সাভার ও মিরপুরে ২৫টি, গুলশান ও মহাখালীতে ২০টি, ধানমন্ডি-লালবাগ এলাকায় ১২টি, মতিঝিল-ভুলতায় ২০টি এবং নারায়ণগঞ্জ, ডেমরা ও সোনারগাঁ এলাকায় আছে ১১টি ভবন।

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও ঝুঁকিপূর্ণ ভবন পুনঃপরীক্ষার জন্য গঠিত কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন বলেন, মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে অতি ঝুঁকিপূর্ণ ৩৫টি ভবন যত দ্রুত সম্ভব ভেঙে ফেলতে এর মালিকদের নোটিশ দিতে সুপারিশ করা হয়েছে। সুপারিশে ১২০টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে করণীয় নির্ধারণে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কারিগরি কমিটি গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আর সুপারিশ অনুসারে তালিকার ১০০টি ভবন আসলেই ঝুঁকিপূর্ণ কি না, সেটিও কারিগরি কমিটি নির্ধারণ করবে।