রাজধানীতে ৪টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে আজ রোববার সকালে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তার কাইয়ুম মিয়া পরিবহনশ্রমিক হিসেবে কাজ করেন। এর আড়ালে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কাইয়ুম নরসিংদীর এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। মাদক ব্যবসায়ী, ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সদস্যরা তাঁর অস্ত্রের ক্রেতা। প্রতিটি অস্ত্র তিনি ৬০ হাজার টাকায় বিক্রি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

র‍্যাব–৩–এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রের ক্রেতাদের নাম–পরিচয় পেয়েছি। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার টাকা তুলতে অপরাধীরা এসব অস্ত্র ব্যবহার করে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।