রাজধানীতে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজধানীর মতিঝিল থেকে সাত হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত রোববার মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল হোসেন। ডিবি জানিয়েছে, বেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা এবং আশপাশের এলাকায় সরবরাহ করতেন।
ডিবি সূত্রে জানা যায়, কয়েকজন মাদক কারবারি ফকিরাপুলের একটি হোটেলের সামনে ইয়াবা কেনা-বেচা করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যান। শুধু বেলালকে গ্রেপ্তার করা যায়।
ডিবির ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শামসুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে বেলালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।