রাজধানীতে ‘দেশি ফেনসিডিলের’ কারখানা, কারিগরসহ গ্রেপ্তার ৬
ভারত থেকে চোরাই পথে আসা এক বোতল ফেনসিডিলের সঙ্গে লাল রং, চিনির শিরা আর ‘ঝাঁজ’ মিশিয়ে তৈরি করা হয় তিন বোতল ‘দেশি ফেনসিডিল’। ঢাকার নয়াবাজার থেকে আসল ফেনসিডিলের হুবহু নকল লেবেল, খালি বোতল, বোতলের ছিপিসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে রাজধানীতেই তৈরি হচ্ছে নকল ফেনসিডিল। আর তা আসল ফেনসিডিল হিসেবে বিক্রি করা হয় মাদকসেবীদের কাছে। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এ রকম একটি নকল ফেনসিডিল তৈরির কারখানা আবিষ্কার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখান থেকে মাদক তৈরির বিভিন্ন উপকরণসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হচ্ছেন সাঈদ শেখ (৩২), রাকিবুল হোসেন (৩৫), আবুল কালাম (৪০) ও মোখলেসুর রহমান (৪২)। তাঁদের মধ্যে রাকিবুল ও আবুল কালাম সহোদর।উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে: ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২০টি খালি বোতল, কর্ক, লেবেল, ১৪ লিটার চিনির শিরা, ঝাঁজ (রাসায়নিক পদার্থ) ও লাল রং। অভিযান পরিচালনাকারী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওসমান কবীর প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা আড়াইটার দিকে সেগুনবাগিচা হাইস্কুলের পেছনে ২৭/১১/২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সাততলা ওই বাসাটির পঞ্চম তলায় নকল ফেনসিডিল তৈরির কারখানাটির সন্ধান মেলে।সেখান থেকে গ্রেপ্তার হওয়া রাকিবুল প্রথম আলোকে বলেন, তিনি কারিগর। ওই কারখানার মালিক গ্রেপ্তার হওয়া সাঈদ শেখ। রাকিবুল জানান, এর আগে জুরাইনে এ রকম একটি কারখানায় তিনি নকল ফেনসিডিল তৈরির কাজ শিখেছেন। তিনি জানান, রাজধানীর নয়াবাজার থেকে তাঁরা ফেনসিডিলের প্রতিটি খালি বোতল তিন টাকা, প্রতিটি লেবেল দেড় টাকা, বোতলের ছিপি ১২ টাকা দরে কেনেন। সাঈদ শেখ জানান, তাঁরা মাসে প্রায় চার হাজার বোতল নকল ফেনসিডিল তৈরি করেন। দাম কম হওয়ায় তাঁদের খদ্দেরও ছিল প্রচুর। তিনি জানান, ঢাকায় এমন অনেক নকল ফেনসিডিলের কারখানা রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া ‘ঝাঁজ’ নামের রাসায়নিকের প্রকৃত নাম তাঁরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।মলদ্বারে ইয়াবা: অপরদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গত মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযানে ২৫০টি ইয়াবাসহ আবদুল ওয়াজেদ (৩২) ও নুরুল হক (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি কক্সবাজারে।অভিযান পরিচালনাকারী পরিদর্শক এলতাসউদ্দীন জানান, তাঁদের মধ্যে নুরুল হক তাঁর মলদ্বারে ১৫০টি ইয়াবা বহন করছিলেন। পলিথিনের প্যাকেটে পেঁচিয়ে ওই ইয়াবাগুলো একটি কনডমের ভেতরে ঢোকান। তারপর প্যাকেটটি মলদ্বারে ঢুকিয়ে তিনি টেকনাফ থেকে ঢাকায় এসেছেন। এর আগেও তিনি বহুবার এভাবে ইয়াবা এনেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।