ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে বলে দাবি করেছেন মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অপরাধবিষয়ক মাসিক সভার আগে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।এদিকে গত মঙ্গল ও বুধবার দুই দিনেই রাজধানী ও এর সংলগ্ন কেরানীগঞ্জে খুন হয়েছেন ছয়জন। এদের মধ্যে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) সভাপতি ও ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন মঙ্গলবার রাতে প্রকাশ্যে আলুবাজার এলাকায় খুন হন। পুরান ঢাকায় দিনে-দুপুরে খুন হয়েছেন চাল ব্যবসায়ী আফিলউদ্দীন। সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। একই দিন ভোরে খিলগাঁওয়ে ডাকাতদের হাতে প্রাণ হারান এক বৃদ্ধা।এসব খুনের ব্যাপারে পুলিশের কমিশনার বলেন, কাউন্সিলর খুনের ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে অন্য সব ঘটনার মতো এ ঘটনারও রহস্য উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ২ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন। ওই ঘটনায় ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আবু বকর হত্যার দায়ে এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পুলিশের কমিশনার এ ব্যাপারে বলেন, গভীর রাতে পুলিশ চাইলেই হলের ভেতর যেতে পারে না। কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরই পুলিশকে হলে ঢুকতে হয়। এ সুযোগের কারণেই অনেক ঘটনা ঘটে থাকে।