রাজধানীর উন্নয়ন সংস্থাগুলোর ব্যাপক সংস্কার দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি উন্নয়ন সংস্থাগুলোর পরস্পরের কাজের কোনো সমন্বয় নেই। সংস্থাগুলোর ব্যাপক সংস্কার ছাড়া মহানগরের নাগরিক সমস্যা আরও প্রকট হবে। গতকাল ‘নগর উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন: ঢাকা মহানগর’ শীর্ষক জাতীয় কর্মশালায় এমন মত প্রকাশ করেন বক্তারা।রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কর্মশালায় ‘নগরাঞ্চল উন্নয়ন পরিকল্পনা’ নামে এডিবির তৈরি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর মূল উদ্দেশ্য ঢাকা মহানগরের জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা তৈরি করা।কর্মশালায় প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ঢাকার উন্নয়নে প্রায় ৫০টি সংস্থা কাজ করছে। এগুলোর ব্যবস্থাপনা খুবই জটিল। তাই সংস্থাগুলোর সংস্কার সময়ের দাবি। বিশেষ অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার বলেন, নগরের সংস্থাগুলোর মধ্যে আইন অমান্য করার প্রবণতা লক্ষ করা যায়। রাজউক চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রধান তেরেসা খো, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামসুন্দর শিকদার প্রমুখ বক্তব্য দেন। এডিবির সমীক্ষায় ঢাকা নগরের সংস্থাগুলো যেসব আইনে পরিচালিত হয় সেগুলোর আমূল সংস্কারের প্রস্তাব করা হয়। মানুষের আইন সংস্কার সংক্রান্ত অধিবেশনে সভাপতির বক্তব্যে নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, চারটি সিটি করপোরেশনে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ আছে। আর প্রতিটিতেই করপোরেশনের সঙ্গে উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্ব লেগেই আছে। ওই কর্তৃপক্ষ গরিবদের নিয়ে মাথা ঘামায় না। আলোচনায় সমীক্ষা পরিচালনা দলের প্রধান জে আর উড বলেন, রাজউকের কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। কর্মশালায় নগরের সংস্থাগুলোর সুশাসনবিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী। এতে সমীক্ষার প্রতিবেদন উপস্থাপন করেন ব্রায়ান রবার্টস এবং পি হোমস।