রাজধানীর এলাকাভেদে জমির মূল্যতালিকা দাখিলের নির্দেশ
রাজধানীর এলাকাভেদে সরকার-নির্ধারিত জমির মূল্যতালিকা আগামী ৭ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজেআর) ও জেলা নিবন্ধককে বলা হয়েছে। ওইদিন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর বিধানগুলো কার্যকরের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০১০ সালের মে মাসে হাইকোর্টে একটি রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৭ মে আদালত রুল জারি করেন। রুল শুনানিকালে গতকাল আদালত এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম রায়।পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত আগামী ৭ আগস্টের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে ওই তথ্য দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণে কন্ট্রোলার নিয়োগ-সংক্রান্ত গেজেটও দাখিল করতে আইন মন্ত্রণালয় ও ঢাকার জেলা জজকে বলা হয়।এইচআরপিবির করা ওই রিট আবেদনে ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত বাড়িভাড়া কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। আবেদনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান থাকলেও অনেক ক্ষেত্রে বাড়ির মালিকেরা তা মানছেন না। তাঁরা আইনের বিধান ভেঙে ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি ও ভাড়াটেদের যখন-তখন বাড়ি ছাড়তে বাধ্য করছেন। এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারে ভাড়া আদায় করা হচ্ছে না। প্রাথমিক শুনানির পর ১৭ মে আদালত রুল জারি করেন। রুলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধানগুলো কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইনসচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।