রাজধানীর কদমতলীতে প্রবাসীর স্ত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর কদমতলীতে এক প্রবাসীর স্ত্রীসহ দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর তাঁদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার বলেন, বাহরাইনপ্রবাসী জীবন হাওলাদারের স্ত্রী অহনা আক্তার (২২)। তিনি শনির আখড়ায় জাপানি বাজার এলাকার একটি ছয়তলা ভবনে থাকতেন। তাঁর চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।
দাম্পত্য কলহের কারণে অহনা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। এ ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর বলা যাবে।
অহনার ভাই আবদুর রহিম বলেন, সম্প্রতি ছুটি কাটিয়ে জীবন হাওলাদার বাহরাইনে ফেরত গেছেন। তিনি অভিযোগ করেন, তাঁর বোনজামাই ও তাঁর পরিবারের সদস্যরা অহনাকে সন্দেহ করত। এ নিয়ে অহনাকে মারধরও করেছিলেন স্বামী।
এর আগে মঙ্গলবার সকালে দনিয়া এলাকা থেকে রুমা আক্তার (২২) নামে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কদমতলী থানার উপপরিদর্শক মো.শহিদুল ইসলাম বলেন, দাম্পত্য কলহের জের ধরে রুমা কীটনাশক পান করে মারা যান বলে পুলিশ জানতে পেরেছে।
রুমার বাবা আবুল কালাম বলেন, রুমার স্বামী রফিকুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বিভিন্ন সময়ে তাঁর মেয়েকে নির্যাতন করতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এসব সহ্য করতে না পেরে মেয়ে বিষপান করেছেন বলে তিনি ধারণা করছেন।