দমকল বাহিনীর কাছ থেকে লাইসেন্স না নেওয়া এবং কারখানায় প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও প্রতিরোধব্যবস্থা না থাকায় রাজধানীর চারটি তৈরি পোশাক কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আদালত ওই সব কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেন।বেলা ১১টার দিকে পুরান ঢাকার লালবাগের ৫১/১ নম্বর হরনাথ ঘোষ রোডে সেলিম মিয়ার মালিকানাধীন রিন্টুমনি গার্মেন্টস নামে তৈরি পোশাক কারখানায় অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানটি তিন বছর আগে কারখানা চালু করলেও দমকল বাহিনীর কোনো লাইসেন্স নেয়নি। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।একই রোডের ৯১ নম্বর বাড়িতে আফজাল হোসেনের মালিকানাধীন রিয়ালিটি ফ্যাশন ওয়্যার নামে তৈরি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা এবং শ্যামপুর থানার ৬ নম্বর নিউ কদমতলীতে এনামুল হকের মালিকানাধীন মনিনিশি ফ্যাশনে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।পরে আদালত পূর্ব জুরাইনের ১৯২০ কে আলী রোডে অবস্থিত মেসার্স শাহজী ডায়িং অ্যান্ড প্রিন্টিং কারখানায় অভিযান চালান। কারখানাটি ২০ বছর আগে চালু করলেও দমকল বাহিনীর লাইসেন্স গ্রহণ করেনি। তবে কারখানার বর্তমান মালিক আলতাফ হোসেন ও খোরশেদ আলী। সেখানে দমকল বাহিনীর লাইসেন্স নেই। নেই কোনো অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।দমকল বাহিনীর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানগুলো চালুর আগে ও পরে দমকল বাহিনীর লাইসেন্স গ্রহণ করেনি। তাদের তাগিদ দেওয়া সত্ত্বেও লাইসেন্স সংগ্রহ করেনি। দমকল বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অগ্নি প্রতিরোধ ও নির্বাপক আইন ২০০৩-এর ৪ ও ২০ ধারা অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অবিলম্বে দমকল বাহিনীর লাইসেন্স গ্রহণের জন্য কারখানাগুলোকে সতর্ক করা হয়েছে। দমকল বাহিনী, র্যাব-১০ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।