রাজধানীর চারটি বিদ্যালয়ে আজ উন্মুক্ত লটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তিনটি সরকারিসহ চারটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির উন্মুক্ত লটারি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিদ্যালয়গুলো হলো: গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় এবং বেসরকারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।এ বছরই প্রথম সরকারি বিদ্যালয়গুলোতে লটারি করে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। রাজধানীর ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে প্রথম শ্রেণী সংযুক্ত আছে। এই ১৩টি বিদ্যালয়কে ‘ক’ ‘খ’ এবং ‘গ’ এ তিনটি গুচ্ছে ভাগ করে ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ‘ক’ গুচ্ছের তিনটি বিদ্যালয়ের লটারি আজ এবং ‘খ’ ও ‘গ’ গুচ্ছের লটারি কাল বুধ ও পর দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।‘ক’ গুচ্ছের অন্তর্ভুক্ত বিদ্যালয় তিনটিতে আজ সকাল ১০টা থেকে প্রভাতী ও বেলা দুইটা থেকে দিবা শাখার লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধির উপস্থিতিতে স্ব-স্ব স্কুল ক্যাম্পাসে লটারি অনুষ্ঠিত হবে। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইনছান আলী জানান, স্কুলমাঠে উন্মুক্তভাবে এই লটারি অনুষ্ঠিত হবে। ভিকারুননিসা নূন স্কুল: ভিকারুননিসা কর্তৃপক্ষ জানায়, আজ মঙ্গলবার ও কাল বুধবার লটারি অনুষ্ঠিত হবে মূল ক্যাম্পাসে। এ সময় একটি প্রবেশপত্রের বিপরীতে একজন মহিলা অভিভাবক ক্যাম্পাসে ঢুকতে পারবেন। শিশুদের সঙ্গে না আনতে অনুরোধ জানিয়েছে বিদ্যালয়টি।আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সব শাখার বোনের কোটা, আজিমপুর কলোনির কোটা এবং বসুন্ধরা প্রভাতী ও দিবা শাখার লটারি অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টা থেকে ধানমন্ডি প্রভাতী ও দিবা শাখা এবং বিকেল তিনটা থেকে আজিমপুর প্রভাতী ও দিবা শাখার লটারি অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে ইংরেজি মাধ্যম, বেলা সাড়ে ১১টা থেকে মূল দিবা ও বিকেল তিনটা থেকে মূল প্রভাতী শাখার লটারি অনুষ্ঠিত হবে।সংশোধনী: গত ১৬ ডিসেম্বর প্রথম আলোর একটি প্রতিবেদনে ভিকারুননিসায় ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.vnsc.edu.bd ও dhakabij.com-এ পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে ওয়েবসাইটের ঠিকানা হবে www.vnsc.edu.bd এবং dhakabiz.com