রাজধানীর পাঁচ খাল উদ্ধার করতে পারেনি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণা দিয়েও রাজধানীর পাঁচটি খাল দখলমুক্ত করতে পারেনি ঢাকা জেলা প্রশাসন। প্রশাসন বলেছিল, ৩০ অক্টোবরের মধ্যে পাঁচটি খাল দখলমুক্ত করবে। উল্টো খালগুলো প্রতিদিনই আরও দখল হচ্ছে।যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনটি খাল দখলমুক্ত করা হয়েছে। বাকি খালগুলোও দখলমুক্ত করা হবে। হাজারীবাগ খালের কাগজপত্র সংশোধন করার পর এটিও দখলমুক্ত করা হবে। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ৪১টি খালের অনেকগুলো পুরোপুরি দখল হয়ে গেছে। এখন পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এমন খাল রয়েছে ২৬টি। দখলদারদের কারণে এসব খালও হুমকির মুখে। গত ৩০ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এসব খাল উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৩০ অক্টোবরের মধ্যে পাঁচটি খাল উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই তালিকায় ছিল: কাটাসুর খাল, কল্যাণপুর-ক খাল, রামচন্দ্রপুর খাল, পুরান ঢাকার মধ্যে হাজারীবাগ খাল এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে থাকা শ্যামপুর খাল। প্রশাসনের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার এক মাস পর গত ৩০ নভেম্বর এলাকা ঘুরে জানা যায়, খাল উদ্ধারে পাঁচটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় কাটাসুর খাল, কল্যাণপুর-ক খাল ও শ্যামপুর খাল থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে রামচন্দ্রপুর খাল ও হাজারীবাগ খালে কোনো অভিযান হয়নি। দেখা গেছে, যেসব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, সেখানে নতুন স্থাপনা গড়ে উঠছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উচ্ছেদের সময় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না। উচ্ছেদের পর পুলিশি নজরদারিও কম থাকে। এ ছাড়া দখলদারেরা খুবই প্রভাবশালী। এসব কারণে খাল উদ্ধারে সফলতা কম।উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, একই খাল একাধিকবার উচ্ছেদ হচ্ছে। এখন দখলমুক্ত করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরের খাল ও নদী দখলমুক্ত করতে একাধিকবার একই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দেখা গেছে, উচ্ছেদের পর জায়গা আবার দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, উচ্ছেদ করার পর আবার দখল হলে পরিশ্রম ও অর্থের অপচয় হয়। এটি যাতে না হয় এ জন্য কর্তৃপক্ষকে বিকল্প চিন্তা করতে হবে।জানা গেছে, খাল সম্পূর্ণ দখলমুক্ত রাখতে উচ্ছেদের পরপরই সীমানাপ্রাচীর বা বেড়া তৈরির চিন্তাভাবনা করছে প্রশাসন। উচ্ছেদের পর ওই জায়গা দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পন্থাও খোঁজা হচ্ছে।