রাজধানীর পানি সরবরাহ প্রকল্পেরপূর্ণ বাস্তবায়ন নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের অপ্রশস্ততার কারণে মাটি না খুঁড়ে পাইপ বসানোর পদ্ধতি (ট্রেঞ্চলেস বা পরিখাবিহীন) পুরান ঢাকাসহ রাজধানীর কয়েকটি অঞ্চলে প্রয়োগের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে পানি সরবরাহ-ব্যবস্থা উন্নয়নে একটি বড় প্রকল্পের কাজ ওই স্থানগুলোতে বাস্তবায়ন করা নিয়ে কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পুরান ঢাকায় বেশির ভাগ ক্ষেত্রেই ‘ট্রেঞ্চলেস’ পদ্ধতি প্রয়োগ অসম্ভব বা খুব অসুবিধাজনক—এ কথা আগে থেকেই জানা থাকলেও তা বিবেচনায় নিয়ে পৃথক কোনো প্রকল্প নেওয়া হয়নি। এর ফলে সংশ্লিষ্ট কিছু এলাকায় অতি প্রয়োজনীয় হলেও পানির পাইপলাইন বসানোর কাজ বিলম্বিত হবে।ঢাকা পানি সরবরাহ উন্নয়ন (ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় রাজধানীতে আড়াই হাজার কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হবে। ওয়াসার একটি দায়িত্বশীল সূত্রমতে, প্রকল্পের পর্ব ভাগ করার সময় পুরান ঢাকার রাস্তাঘাটের অবস্থা বিচার করা হয়নি। এ জন্য বিভিন্ন সংস্থার পাইপলাইনের আধিক্য বা ট্রেঞ্চলেস যন্ত্রবাহী গাড়ি না ঢোকার বিষয়টি আগে আলোচনায় আসেনি। প্রকল্পের সাতটি পর্বের মধ্যে প্রথমটির (বনানী-বারিধারা প্রভৃতি এলাকায়) কাজ শুরু হবে শিগগিরই। সম্পূর্ণ কাজে ব্যয় হবে প্রায় ৬৯৭ কোটি ৪৮ লাখ টাকা। বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকায় ট্রেঞ্চলেস পদ্ধতিতে পাইপলাইন হয়তো বসানোই যাবে না। কারণ এখানকার সরু রাস্তার নিচে বিভিন্ন সংস্থার সেবা লাইনের ভিড়। এ অবস্থায় ট্রেঞ্চলেস পদ্ধতি প্রয়োগ ঝুঁকিপূর্ণ। এ ছাড়া অন্য সমস্যাও আছে।’ ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুরান ঢাকাসহ নগরের বেশির ভাগ সড়ক বা গলিতে ট্রেঞ্চলেস যন্ত্র ঢুকতেই পারবে না। সুতরাং এসব এলাকায় আগের মতো পরিখা খুঁড়ে পাইপ বসানো ছাড়া উপায় নেই। জনবহুল পুরান ঢাকায় বেশির ভাগ সড়কই সংকীর্ণ। ওয়াসার সূত্রমতে, ৩০ ফুট পর্যন্ত চওড়া, এমন সড়কের সংখ্যাও হাতে গোনা। বেশির ভাগ রাস্তা বা অলিগলির প্রশস্ততা ছয় ফুট থেকে সর্বোচ্চ ২০ ফুটের মধ্যে। এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমামগঞ্জ-পাটুয়াটুলী সড়কটির প্রস্থও ২০ ফুট। এই সড়কেই পড়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মিটফোর্ড, বাবুবাজার, ইসলামপুরসহ প্রভৃতি এলাকা। অন্য অংশের মতোই পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকার সড়কের নিচেও রয়েছে ওয়াসা, তিতাস গ্যাস, বিটিসিএল প্রভৃতি সংস্থার পাইপলাইন। শুধু ওয়াসারই রয়েছে তিন ধরনের—পানি, নর্দমা ও পয়োনিষ্কাশন লাইন। ট্রেঞ্চলেস পদ্ধতিতে কাজ করতে গেলে ওইসব লাইন অবধারিতভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে ওয়াসার কর্মকর্তারা মনে করেন। এ ছাড়া পাকিস্তান আমলে পাইপ বসানো খিলক্ষেত-বাসাবো-মুগদাসহ পূর্বাঞ্চলীয় এলাকা এবং মালিবাগ-মগবাজার ও আশপাশে কারিগরি কারণে আধুনিক এই পদ্ধতি প্রয়োগ সম্ভব নয় বলে জানা গেছে। ২০০৯ সালের মে মাসে একটি পাইলট প্রকল্প দিয়ে চালু হয় আধুনিক ট্রেঞ্চলেস পদ্ধতি। এতে ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সড়কে পরিখা করতে মাত্র আট মিটার অংশ খুঁড়তে হয়। বাকি ৯২ মিটার সড়ক থাকে অক্ষত। সড়কের এক প্রান্তে স্থাপিত যন্ত্র বাকি অংশের রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে। নতুন বা বিকল্প পরিকল্পনা নেই: সূত্র জানায়, ট্রেঞ্চলেস পদ্ধতি প্রয়োগে সমস্যার বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়ার পরও পুরান ঢাকার পাইপ বদলানোর জন্য আলাদা কোনো প্রকল্পের পরিকল্পনা করা হয়নি। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এসব এলাকায় বসানো পাইপের বেশির ভাগই প্রায় অকেজো হয়ে গেছে। অতীতেও এ এলাকায় অনেক প্রকল্প বেশির ভাগ ক্ষেত্রে পুরো কার্যকর হয়নি। পানির লাইনের সমস্যা নিয়ে বিভিন্ন এলাকার বাসিন্দারা স্থানীয় ওয়াসা কার্যালয়ে নিয়মিত ধরনা দেন। পানির লাইন নিয়ে পুরান ঢাকার বেশির ভাগ ওয়ার্ড কাউন্সিলরের ক্ষোভ কিংবা হতাশা রয়েছে। ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুস সাহেদ বলেন, কমিশনার হওয়ার পর আট বছরে তাঁর এলাকায় একবারও ওয়াসার পাইপ লাইনের সংস্কার হয়নি। চার বছর আগে অনেক চেষ্টায় একটি গভীর নলকূপ স্থাপন করিয়েছেন। কিন্তু অনেক পুরোনো পাইপলাইন নষ্ট থাকায় ময়লা পানি সরবরাহ হয়। আবদুস সাহেদ বলেন, ‘ওয়াসার পেছনে বহু ঘুরেছি নতুন পাইপের জন্য, কিন্তু কোনো লাভ হয়নি।’ ঢাকা ওয়াসার দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, যেখানে রাস্তা অপেক্ষাকৃত সরু, সেখানে এ প্রকল্পের নিয়ম অনুযায়ী ৩০ শতাংশ অংশে আগের পদ্ধতিতে খুঁড়ে পাইপ পুনর্বাসন করার একটি প্রস্তাব রয়েছে। তা প্রয়োগ করা গেলে ট্রেঞ্চলেস পদ্ধতির কারিগরি সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।