ঢাকা ওয়াসার ৪০ বছরের পুরোনো সঞ্চালন লাইন সংস্কারে এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। কারণ উৎপাদন ঘাটতির চেয়ে সঞ্চালন লাইনের অপ্রতুলতাই রাজধানীর পানির সংকটের বড় কারণ। তাই এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য পুরোনো লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। চার বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।গতকাল সোমবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সভায় সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, বর্তমানে ঢাকা শহরে প্রতিদিন ২২০ কোটি লিটার পানি দরকার। সেখানে উত্তোলন হচ্ছে ২০০ থেকে ২১০ কোটি লিটার। চাহিদা ও উত্তোলনের পার্থক্য খুব একটা বেশি নয়। অবশ্য শুষ্ক মৌসুমে বিদ্যুতের সংকটের কারণে পানি উত্তোলন কমে যায়। তবে সমস্যা বেশি হয় সঞ্চালন লাইনের কারণে। এ কারণে এসব লাইন আগে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় জানানো হয়, ঢাকা ওয়াসার মোট উত্তোলিত পানির ৩০ শতাংশই অপচয় হয়। পানি অপচয়ের জন্য গ্রাহকদের পাশাপাশি ওয়াসার নিজস্ব গাফিলতিও দায়ী।সভায় জানানো হয়, অভিজাত এলাকাগুলোতে পানির অপচয় হয় বেশি। কয়েক বছর আগে ওয়াসার এক জরিপের তথ্য অনুযায়ী, অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা-ধানমন্ডিতে পানির মিটারের বাইরে আলাদা অবৈধ সংযোগও কম নয়। এসব এলাকার অনেক বাড়িতেই একাধিক গাড়ি থাকে। ওয়াসার পানি দিয়ে গাড়ি ধোয়া, বাগানে পানি দেওয়া হয়, কুকুরকে গোসল করানো হয়। বছরখানেক আগে গুলশানে ১৫টি বাড়িতে অভিযান চালিয়ে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আবারও অবৈধ সংযোগ নেওয়া হলে মূল সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানায় ওয়াসা।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে পানি সরবরাহ নিশ্চিত করতে কমিটি ঢাকা ওয়াসার সঙ্গে বৈঠক করেছে। ওয়াসা কর্তৃপক্ষ কমিটিকে পানি সরবরাহব্যবস্থা সম্পর্কে জানিয়েছেন।তিনি বলেন, সরকার পানি সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে। এ জন্য গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, ওয়াসার পানি দূষিত বলে অনেকেই অভিযোগ করেন। কিন্তু ওয়াসা সব সময় বিশুদ্ধ পানি সরবরাহ করে। পাইপের কারণে পানি দূষিত হয়। এ ছাড়া অনেক অবৈধ লাইন রয়েছে।তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ঢাকা ওয়াসা তাদের পানির মান সম্পর্কে আদালতে যে তথ্য উপস্থাপন করেছে, তাতে দেখা গেছে যে, ওয়াসার সব পানিই বিশুদ্ধ বা নিরাপদ নয়।