রাজধানীর পার্ক ও খেলার মাঠের সীমানা নির্ধারণে হাইকোর্টের নির্দেশ
রাজধানীর ৬৮টি পার্ক ও ১০টি খেলার মাঠের সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পার্ক ও খেলার মাঠ পরিচালনার জন্য নির্মিত স্থাপনা ব্যতীত সেখান থেকে অননুমোদিত সব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেন।রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে সীমানা নির্ধারণ করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে, এ-সংক্রান্ত অগ্রগতি পরবর্তী ১০ দিনের মধ্যে দাখিল করতে। এ ছাড়া আইন অনুযায়ী এসব পার্ক ও খেলার মাঠের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করতে বলা হয়েছে। জানা যায়, এসব পার্ক ও খেলার মাঠের অধিকাংশ ঢাকা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু রয়েছে রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রণে। রাজধানীর পার্ক ও খেলার মাঠ রক্ষার নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একটি রিট আবেদন করেছিল। এই রিটের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে হাইকোর্ট রুল জারি করেন। ২০০৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্ট রাজধানীর ধানমন্ডি খেলার মাঠ রক্ষার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করে। রিট দুটির পরিপ্রেক্ষিতে প্রথমে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত।আদালতে বেলার পক্ষে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির, বাপার পক্ষে সারা হোসেন ও ক্রিস্টবেল রান্ডোল্ফ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।সারা হোসেন প্রথম আলোকে বলেন, আদালত সীমানা নির্ধারণের জন্য সময় বেঁধে দিয়েছেন। ২০০০ সালের আইন অনুসারে খেলার মাঠ অন্য কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু এটা অনুসরণ করা হয়নি। তবে আদালতের রায়ের আলোকে এখন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রিট আবেদনে জানা যায়, খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধারসংক্রান্ত ২০০০ সালের আইন অনুসারে পার্ক ও খেলার মাঠের কাঠামো ও আকৃতি পরিবর্তন করা যায় না। কিন্তু এসব খেলার মাঠ ও পার্ক দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে ও জনগণ বিনোদনসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আদালতের রায়ে যে ১০টি খেলার মাঠের সীমানা নির্ধারণ করতে বলা হয়েছে সেগুলো হচ্ছে—গোলাপবাগ মাঠ, বাংলাদেশ মাঠ (আগামছি লেন), বাসাবো মাঠ, লালবাগ শ্মশানঘাট মাঠ, লালবাগ কেল্লার মোড় মাঠ, ধূপখোলা মাঠ, ধানমন্ডি মাঠ, কলাবাগান মাঠ, বনানী মাঠ ও গুলশান মাঠ। এ ছাড়া রিটে উল্লেখ করা পার্ক বা উদ্যানের মধ্যে রয়েছে—ওসমানী উদ্যান-গুলিস্তান, কারওয়ান বাজার চিলড্রেন পার্ক, সায়েদাবাদ শিশুপার্ক, নিমতলী শিশুপার্ক, মোহাম্মদপুর শহীদ পার্ক, বলদা গার্ডেন, বাহাদুর শাহ পার্ক, গুলশান পার্ক, মিরপুর শিশুপার্ক, বোটানিক্যাল গার্ডেন, যাত্রাবাড়ী পার্ক প্রভৃতি।