রাজধানীর পার্ক, লেকে দর্শনার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশি ভিড় ছিল রমনা পার্কের লেকের ওপর স্থাপন করা ওয়াকওয়ের ওপর।
ছবি: প্রদীপ সরকার

ঈদের পরদিন আজ বুধবার রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের বেশ ভিড়। ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যাঁরা ঘুরতে বের হতে পারেননি, তাঁরাও আজ বেরিয়েছেন। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করছেন তাঁরা। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর রমনা পার্ক, হাতিরঝিল ও ধানমন্ডি লেক ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

রমনা পার্কে গিয়ে দেখা যায়, মানুষের ঢল। নানা বয়সের মানুষ এসেছেন বেড়াতে। অনেকে আবার আসার সময় বাসা থেকে বিছানার চাদর নিয়ে এসেছেন। তা বিছিয়ে বেশ আয়েশ করে গল্প করছেন। অনেকে আবার লেকের পারে ঘাসের ওপরই বসে গল্প করছেন। অনেকে ঘুরে ঘুরে দেখছেন। বাচ্চারা বল দিয়ে খেলছে। তবে বেশি ভিড় ছিল লেকের ওপর স্থাপন করা ওয়াকওয়ের ওপর।

লেকের পাড়ে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিলেন শারমিন আক্তার, তাঁর স্বামী জসিম উদ্দিন ও মেয়ে জাইফা ইবনা।

শারমিন আক্তার বলেন, ‘ঈদের দিন বের হওয়া হয়নি। তাই সবাইকে নিয়ে বের হলাম। রমনায় এসে ভালোই লাগছে।’

রমনায় মানুষের ঢল। নানা বয়সের মানুষ এসেছেন বেড়াতে।

মেয়ে জাইফা ইবনা বলে, নদীটা (লেক) সবচেয়ে বেশি ভালো লেগেছে।
রমনা পার্কের ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য আবদুল হান্নান বলেন, আজকে দর্শনার্থীদের অনেক ভিড়। গতকাল ঈদের দিনও ভিড় ছিল।

হাতিরঝিলে দেখা যায়, ঝিলের দুই পাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুলসহ বাহারি ফুলে ফুটে আছে। ঝিল ছুঁয়ে আসা হালকা বাতাসে দর্শনার্থীরা যেন উদ্বেলিত। কেউ পাড়ে বসে গল্প করছেন। অনেকে নৌকায় করে ঘুরছেন। পাড়ে থাকা খাবারের দোকানগুলোতে বেশ ভিড়। খেতে খেতে গল্প করছেন তাঁরা। বাচ্চারাও ছুটছে ইচ্ছেমতো।

স্ত্রী আর সন্তানকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে আসেন বেসরকারি চাকরিজীবী সিরাজুল ইসলাম। ঢাকা শহরে তাঁদের এটাই প্রথম ঈদ। ঈদের দিন রমনা পার্কে বেড়াতে গেছেন। আজ হাতিরঝিলে ঘুরতে এসেছেন।

সিরাজুল ইসলাম বলেন, আবহাওয়া খুব সুন্দর। গাছপালা, ফুল, বাতাসে পরিবেশটাও সুন্দর। ঢাকায় মানুষও কম। ঢাকায় প্রথম ঈদ হলেও ভালোই লাগছে।

মা, স্ত্রী, দুই সন্তান, ছোট ভাই ও তাঁর স্ত্রীসহ মোট ছয়জনে মিলে হাতিরঝিলে ঘুরতে আসেন মো. মোখলেস। তিনি বলেন, ‘ঈদের দিন কোথাও যাইনি। তাই আজকে ঘুরতে বের হলাম। পরিবারের সবাইকে নিয়ে ঘুরছি, ভালোই লাগছে।’

বিকেলে হাতিরঝিলে বেড়াতে আসেন অনেকেই
ছবি: প্রথম আলো

ধানমন্ডি লেকে গিয়ে দেখা যায়, লেকের পাড়ে তরুণ-তরুণীরা যেমন বসে আছেন, তেমনি পরিবার নিয়েও অনেকে এসেছেন। বিকেলের মিষ্টি বাতাসে গল্প করে সময় পার করছেন তাঁরা। আবার কেউ একা একা বসে।

চুড়ি, মালা, খেলনা, ওয়াটার রাইড, ফাস্ট ফুডের দোকান, ঝালমুড়ির দোকানসহ নানা আয়োজনে যেন অনেকটাই মেলায় রূপ নিয়েছে এই লেকের পাড়।
মো. মিঠু ছবি তুলতে চাইছিলেন, কিন্তু তাঁর ছোট্ট মেয়ে মরিয়ম জাহান কিছুতেই পোজ দিচ্ছিল না। সে তার মতো ব্যস্ত।

নৌকায় করে ধানমন্ডি লেকে ঘুরে বেড়ান অনেকে
ছবি: প্রথম আলো

ঈদে কুষ্টিয়ার গ্রামের বাড়ি না যাওয়ায় কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় এসেছেন মিঠু। মেয়ে বাসায় না থাকতে চাওয়ায় তাকে নিয়ে ধানমন্ডি লেকে ঘুরতে আসেন। তিনি বলেন, ‘ও ঘুরতে চাইছিল, সে জন্য ওকে এখানে ঘুরতে নিয়ে এসেছি। এখানে এসে মেয়ে তো খুব খুশি। তা ছাড়া এ রকম সুন্দর পরিবেশ পেয়ে আমারও ভালো লাগছে।’

যখন মিঠুর সঙ্গে কথা হচ্ছিল, তখন ছোট্ট মরিয়ম জাহান গাছ থেকে পাতা ছিঁড়ছিল। তোমার কি ভালো লাগছে? এমন প্রশ্নের করলে না তাকিয়েই সে বলে, ‘হ্যাঁ, খুব ভালো লাগছে।’