রাজধানীর পোস্তগোলায় চাঁদাবাজদের গুলিতে দুজন আহত
রাজধানীর পোস্তগোলায় আসবাবপত্রের শোরুমের ব্যবস্থাপক ও শাহ আলী থানার টোলারবাগে এক নিরাপত্তাকর্মী গতকাল মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। পুলিশ জানায়, দুটি ঘটনাই চাঁদাবাজেরা ঘটিয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে চার সন্ত্রাসী পোস্তগোলার করিমউল্লাহ-বাগে ‘সিকদার ফার্নিচার উড’ নামের আসবাবপত্রের শোরুমে প্রবেশ করে। একপর্যায়ে তারা শোরুমের ব্যবস্থাপক মজিবর রহমানের (৪৫) বাঁ হাঁটুতে গুলি করে পালিয়ে যায়। শোরুমের মালিক মোজাম্মেল হক জানান, সন্ত্রাসীরা পাঁচ দিন ধরে তাঁর মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি তিনি পাত্তা দেননি। তাঁর ধারণা, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গুলি করেছে। এর আগে সকাল পৌনে সাতটার দিকে দুই সন্ত্রাসী টোলারবাগের ১৭/১/বি নম্বর বাড়ির সামনে গিয়ে ওই বাড়ির মালিক খোরশেদ আলমের খোঁজ করে। একপর্যায়ে তারা বাড়ির নিরাপত্তাকর্মী আশিকুরের (২৫) হাতে একটি চিরকুট দিয়ে মালিককে দিতে বলে। আশিকুর মালিককে খোঁজার কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির সময় এক সন্ত্রাসী পকেট থেকে পিস্তল বের করে আশিকুরকে গুলি করে পালিয়ে যায়। আশিকুরকে পরে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, গত ৬ জানুয়ারি চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা খোরশেদ আলমের বাড়ির ফটকে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ওই এলাকার বাড়ির মালিক সমিতি মিছিল ও সমাবেশ করে।