রাজধানীর পয়োবর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ পরিকল্পনা না থাকায় দূষিত হচ্ছে জলাশয় ও পার্শ্ববর্তী নদী। রাজধানীর জনসংখ্যা যত বাড়বে এ সমস্যা ততই প্রকট হবে। পরিকল্পিত পয়োবর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ওয়াসার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে ‘পয়োবর্জ্য দ্বারা পানিদূষণ এবং জনস্বাস্থ্য: প্রতিকার ও করণীয়’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির বলেন, পানিদূষণের কারণে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। টাইফয়েড ও আমাশয় রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। তিনি বলেন, পানিবাহিত রোগের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, রাজধানীর বেশির ভাগ ভবনেই পয়োনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেই। সরাসরি খোলা নর্দমাকেই এ জন্য ব্যবহার করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, রাজধানীর প্রায় দেড় কোটি মানুষের মাত্র ২০ শতাংশ সরাসরি পয়োনিষ্কাশন সুবিধার মধ্যে আছে। এ কারণে চরম অব্যবস্থা চলছে।মূল প্রবন্ধে জাতীয় রোগ প্রতিরোধ ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) সহকারী অধ্যাপক ইকবাল কবীর বলেন, রাজধানীর পয়োবর্জ্যের ব্যবস্থাপনায় সিটি করপোরেশন, ওয়াসা ও রাজউকের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বেসরকারি প্রতিষ্ঠান দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ বলেন, অর্থ দিয়ে পানি কিনে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং রোগের বোঝা বহন করতে হচ্ছে। পিএসটিসির চেয়ারপারসন সাদিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।